মনোনীত সদস্য বাড়ছে, পোক্ত হবে দলীয়করণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর পর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন হয় না ২১ বছর ধরে। পরিষদ চলছে সরকারের মনোনীত দলীয় ব্যক্তিদের দিয়ে। তার ওপর এখন আইন সংশোধন করে মনোনীত পরিষদের আকার বাড়ানো হচ্ছে।
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদের প্রথম ও একমাত্র নির্বাচন হয়েছিল ১৯৮৯ সালে (তৎকালীন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান স্থানীয় সরকার পরিষদ)। ওই পরিষদের মেয়াদ ছিল তিন বছর। ১৯৯৮ সালে মেয়াদ বাড়িয়ে পাঁচ বছর করা হয়।
নির্বাচিত জেলা পরিষদে একজন চেয়ারম্যান ও ৩০ জন সদস্য থাকার কথা। কিন্তু ১৯৮৯ সালের পর থেকে আর কোনো নির্বাচন হয়নি। এত বছর সর্বোচ্চ পাঁচ সদস্যের (একজন চেয়ারম্যান ও চারজন সদস্য) মনোনীত জেলা পরিষদ কাজ চালিয়েছে। এখন এই সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ১১ (চেয়ারম্যান ও ১০ জন সদস্য)। ইতিমধ্যে মন্ত্রিসভা এ-সংক্রান্ত আইনের সংশোধনী অনুমোদন করেছে। এখন তা জাতীয় সংসদে পাসের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রামের স্থানীয় সরকারের প্রধান কাঠামো হচ্ছে জেলা পরিষদ। সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২১ বছর ধরে মনোনীত জেলা পরিষদগুলো একপ্রকার সরকারি দলের কার্যালয়ে পরিণত হয়েছে। অনির্বাচিত হওয়ায় জনগণের কাছে এই পরিষদের কোনো জবাবদিহি নেই। এই অনির্বাচিত পরিষদের আকার বাড়ানো হলে দলীয়করণ আরও পাকাপোক্ত হবে।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র বলেছে, অদূর ভবিষ্যতে নির্বাচিত জেলা পরিষদ গঠিত হওয়ার সম্ভাবনা না থাকায় সরকার এই পদক্ষেপ নিতে ‘বাধ্য হচ্ছে’। কারণ, জেলা পরিষদের আওতাধীন সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা পাঁচজন সদস্যের পক্ষে সম্ভব হচ্ছে না।
মন্ত্রণালয়ের সূত্র আরও বলছে, বাঙালিদের পাশাপাশি জেলা পরিষদে বিভিন্ন আদিবাসী জাতি-গোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকার প্রয়োজনীয়তাও একটি কারণ। এ প্রতিনিধিত্বের বিষয়টি পাঁচ সদস্যের পরিষদে নিশ্চিত করা সম্ভব হচ্ছিল না। ১১ সদস্যের পরিষদ হলে তা অনেকটা সম্ভব হবে।
তবে তিন পার্বত্য জেলার একাধিক সূত্র জানায়, সরকার প্রতিটি জেলা পরিষদে তিনজন করে বাঙালি প্রতিনিধি থাকবে বলে অনানুষ্ঠানিক নির্দেশনা দিয়েছে। তাই অন্যান্য জাতি-গোষ্ঠীর যথাযথ প্রতিনিধিত্ব যে থাকবে না, তা প্রায় নিশ্চিত।
সরকারের নীতিনির্ধারক মহলের নির্ভরযোগ্য একটি সূত্র বলেছে, পার্বত্য জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানে প্রধান সমস্যা হচ্ছে ভোটার তালিকা। জাতীয় জনসংহতি সমিতিসহ (জেএসএস) পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর দাবি, স্থানীয় সরকারের প্রতিষ্ঠান হিসেবে জেলা পরিষদের নির্বাচনে পাহাড়ি-বাঙালিনির্বিশেষে এলাকার স্থায়ী বাসিন্দা ছাড়া কেউ ভোটার হতে পারবেন না।
ওই দলগুলোর এই দাবির বিরোধিতা করছেন ওই অঞ্চলে পুনর্বাসিত (সেটেলার) বাঙালিরা।
এ বিষয়ে জানতে চাইলে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির আহ্বায়ক গৌতম দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘পার্বত্য জেলা পরিষদগুলোর নির্বাচন হওয়াটা খুবই জরুরি হয়ে পড়েছে। সেটা পাস কাটিয়ে একতরফাভাবে অনির্বাচিত পরিষদের আকার বাড়ানোর পদক্ষেপ পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও জেলা পরিষদ আইনেরও লঙ্ঘন। কেননা, ওই চুক্তি ও আইনে বলা হয়েছে, এ ধরনের যেকোনো বিষয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু তা করা হয়নি।’
জেএসএসের অবস্থান: আঞ্চলিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) শীর্ষ পর্যায়ের একটি সূত্র জানায়, সরকার এসব বিষয়ে তাদের কিছুই জানায়নি। জেএসএস অনির্বাচিত ও অন্তর্বর্তী জেলা পরিষদের আকার বাড়ানোর সরকারি উদ্যোগ বাতিল করার দাবি জানিয়েছে। গত মঙ্গলবার সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, এই উদ্যোগ পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও পার্বত্য জেলা পরিষদ আইনের পরিপন্থী। পার্বত্য জেলা ও আঞ্চলিক পরিষদের নির্বাচনকে পাস কাটানো এবং পার্বত্য চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া কৌশলে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে সরকার এই উদ্যোগ নিয়েছে। বিবৃতিতে তিন পার্বত্য জেলা ও আঞ্চলিক পরিষদ নির্বাচনের লক্ষ্যে অনতিবিলম্বে নির্বাচন বিধিমালা এবং স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা তৈরির বিধিমালা প্রণয়নের দাবি জানানো হয়।
ইসির সংশ্লিষ্ট সূত্র বলেছে, সরকার না বললে তারা এ নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিতে পারে না। কারণ, স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠান তাদের সাংবিধানিক দায়িত্ব নয়, বরং আইনি দায়িত্ব। সরকারের চাহিদা অনুযায়ী তারা এ দায়িত্ব পালন করে।