মনোনীতরাই চালাচ্ছেন জেলা পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঢাকা থেকে ফ্যাক্সে আসা নির্দেশনায় আমি জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছিলাম। তেমনি আর একটা ফ্যাক্সবার্তায় সেই পদ থেকে চলে যেতে হয়েছিল। পার্বত্য জেলা পরিষদের ভাগ্য নির্ভর করে সরকারের ইচ্ছার ওপর।’

কথাগুলো বলেছেন পার্বত্য রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিং কিউ রোয়াজা। জেলা আওয়ামী লীগের এই নেতা ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন।

১৯৯৭ সালের ২ ডিসেম্বর সই হওয়া পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে নির্বাচিত জেলা পরিষদ গঠনের বাধ্যবাধকতা থাকলেও গত ১৬ বছরে তা হয়নি। সরকারের মনোনীতরাই চালাচ্ছেন জেলা পরিষদ। এভাবে সরকার পার্বত্য চট্টগ্রামের স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটি অকার্যকর করে রেখেছে।

পার্বত্য চট্টগ্রাম চুক্তির মোট ৭২টি ধারার ৪৯টিই জেলা পরিষদ ও চুক্তির মাধ্যমে সৃষ্ট আঞ্চলিক পরিষদ-সংক্রান্ত। একজন চেয়ারম্যানসহ ৩৪ জন নির্বাচিত প্রতিনিধির সমন্বয়ে জেলা পরিষদ গঠিত হওয়ার কথা। কিন্তু সরকারের মনোনীত একজন চেয়ারম্যান ও চারজন সদস্য দিয়ে চলছে একেকটি পরিষদ।

তিন পার্বত্য জেলা পরিষদের সদস্যদের ভোটে নির্বাচিত হওয়ার কথা চেয়ারম্যানসহ ২২ সদস্যের আঞ্চলিক পরিষদের। এ আঞ্চলিক পরিষদেরই হওয়ার কথা পার্বত্য চট্টগ্রামের স্থানীয় সরকারের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু।

কিন্তু আঞ্চলিক পরিষদও চলছে অনির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। চুক্তিতে স্বাক্ষরকারী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নেতাদের নিয়ন্ত্রণেই আজও এ পরিষদ। স্থানীয় সরকারের সব কাজের সমন্বয় আঞ্চলিক পরিষদের মাধ্যমে হওয়ার কথা। কিন্তু পরিষদের সদস্য ঊষাতন তালুকদারের ভাষায় আঞ্চলিক পরিষদ ‘নিধিরাম সর্দার’ হয়ে আছে।

আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদকে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট আইনের বিধিমালা করা হয়নি এখনো। উপজেলা ও ইউনিয়ন পরিষদের কার্যবিধিমালার সঙ্গে আঞ্চলিক ও জেলা পরিষদের কাজের আইনি সমন্বয় না করার জন্যও দেখা দিয়েছে অনেক অসামঞ্জস্য। ফলে চুক্তির মৌলিক উপাদান—জেলা ও আঞ্চলিক পরিষদ কার্যকর হতে পারেনি।

পার্বত্য চুক্তির শর্তানুসারে বনাঞ্চল, ভূমি ও ভূমি ব্যবস্থাপনার দায়িত্ব এখনো জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়নি।

বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, ‘বন বিভাগ কোনো অনুমোদন ছাড়াই জমির বন্দোবস্ত দিয়ে দেয়। এর নিয়ন্ত্রণ আমাদের হাতে না থাকায় একের পর এক বিরোধ তৈরি হচ্ছে।’

একদিকে দুই দশকের সহিংসতায় উদ্বাস্তু হয়ে যাওয়া ৯০ হাজারের বেশি পাহাড়ি পরিবার, অন্যদিকে পুনর্বাসিত বাঙালি—এদের সবার ভূমির অধিকারের বিষয়টি অমীমাংসিত রয়ে গছে। ফলে বিরোধ ও সংঘাত বাড়ছে।

শুধু পাহাড়ি-বাঙালি বিরোধ নয়, আঞ্চলিক রাজনৈতিক বিরোধও তুঙ্গে উঠেছে। জেএসএস, ইউপিডিএফ ও অন্য দলের মধ্যে বিরোধে এখন পর্যন্ত আট শতাধিক মানুষ মারা গেছে।

চুক্তির ‘খ’ খণ্ডের ২৪ ধারায় ছিল, পুলিশের সাব-ইন্সপেক্টর ও এর পরবর্তী স্তরে নিয়োগ করবে জেলা পরিষদ। কিন্তু আজ পর্যন্ত এটি বাস্তবায়িত হয়নি। পাাহড়ি-বাঙালি সমন্বয়ে একটি মিশ্র বাহিনী তৈরির কথা থাকলেও তা হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, আইনশৃঙ্খলা রক্ষা বা ভূমি ব্যবস্থাপনার মতো বিষয়গুলো জেলা পরিষদকে দেওয়া হলে অনেক সংঘাত এড়ানো যেত।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির আহ্বায়ক গৌতম দেওয়ান বলেন, জেলা পরিষদে পার্বত্য জনগণের প্রতিনিধিত্ব রাখার ব্যবস্থা ছিল। নির্বাচন হলে জেলা পরিষদে এক-তৃতীয়াংশ বাঙালি প্রতিনিধি থাকত। পাহাড়ি-বাঙালির অমীমাংসিত বিষয়গুলোর একটা সুরাহা হতো। নির্বাচন হলে দুটি আঞ্চলিক দলের সংঘাত-হানাহানিও কমে যেত বলে মনে করেন তিনি। কারণ, তখন সবাই নির্বাচনে অংশ নিত।

কিন্তু জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানে বাধা হয়ে আছে ভোটার তালিকা। পার্বত্য চুক্তি অনুযায়ী ওই অঞ্চলের স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা করার বাধ্যবাধকতা আছে। কিন্তু তাতে আপত্তি পুনর্বাসিত বাঙালিদের।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার প্রথম আলোকে বলেন, পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের জন্য আলাদা ভোটার তালিকা করার বিষয়ে হাইকোর্টের স্থিতাবস্থা থাকায় এ নির্বাচন করা সম্ভব হয়নি। ভবিষ্যতে সরকারে এলে তাঁদের অগ্রাধিকার হবে জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠান।