দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ১১৭টি উপজেলায় এক হাজার ৮৫২টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭৬৬ জন, ভাইস চেয়ারম্যান ৬৮২ এবং নারী ভাইস চেয়ারম্যান ৪০৪ জন।
গতকাল রোববার রাত ১০টায় নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রাথমিকভাবে এই তথ্য জানানো হয়েছে।
কমিশন সচিবালয় সূত্র জানায়, চেয়ারম্যান পদে সর্বাধিক ১৭ জন প্রার্থী হয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। একই পদে সর্বনিম্ন দুজন করে প্রার্থী হয়েছেন খুলনার ডুমুরিয়া, বান্দরবানের রোয়াংছড়ি, মেহেরপুরের মুজিবনগর ও কুষ্টিয়ার খোকসায়।
নির্বাচন কমিশন গত ২৩ জানুয়ারি ১১৭টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, গতকাল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
এসব উপজেলায় মনোনয়নপত্র বাছাই হবে ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার এবং ভোট গ্রহণ ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।
এর আগে কমিশন ১৯ জানুয়ারি প্রথম ধাপে ১০২টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করে।