মা ও তিন মেয়েকে পুড়িয়ে হত্যা: বাদীর নারাজি

টাঙ্গাইলের মির্জাপুরে মা ও তিন মেয়েকে হত্যা মামলার অভিযোগপত্রের বিরুদ্ধে বাদী নারাজি দিয়েছেন। আজ বুধবার টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের (আমলি) আদালতে নারাজি দেন।
এর আগে ঘটনার সাড়ে চার মাসেরও বেশি সময় পর গত ২৫ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালতে এ মামলার অভিযোগপত্র দেন।
নারাজিতে মামলার বাদী মোফাজ্জল হোসেন তদন্ত কর্মকর্তা সঠিকভাবে তদন্ত না করে পক্ষপাতিত্বমূলক অভিযোগপত্র দাখিল করেছেন বলে উল্লেখ করেন। এ ছাড়া পুনরায় তদন্ত করলে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার সম্ভব হবে বলে নারাজিতে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে বাদী মোফাজ্জল হোসেন বলেন, আগামী ২৮ এপ্রিল নারাজির বিষয়ে আদালত শুনানির তারিখ নির্ধারণ করেছেন।
এসআই শ্যামল কুমার দত্ত বলেন, ‘বাদী অসন্তুষ্ট হলে নারাজি দিতে পারেন। তবে আমরা তদন্ত করে যা পেয়েছি, তা দিয়েই অভিযোগপত্র দাখিল করা হয়েছে।’
যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে তাঁরা হলেন মামলার প্রধান অভিযুক্ত উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন ও তাঁর চাচাত ভাই নূর মোহাম্মদ নিপু। এ ছাড়া অবৈধভাবে পেট্রল বিক্রির অভিযোগে মির্জাপুরের মাছরাঙ্গা ফিলিং স্টেশনের চার কর্মচারী আবুল বাশার, মো. ওয়াসিম, মো. আবদুল মান্নান ও মীর আজাদুল ইসলামের বিরুদ্ধেও অভিযোগপত্র দেওয়া হয়েছে।
মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় গত বছরের ৬ অক্টোবর রাতে মির্জাপুর উপজেলার সোহাগপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম এবং তাঁর তিন মেয়ে উপজেলার গোড়াই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মনিরা আক্তার (১৪), বাকপ্রতিবন্ধী মীম আক্তার (১০) ও ব্র্যাক স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী মলি আক্তারকে (৭) ঘুমন্ত অবস্থায় পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ওই গ্রামের জাহাঙ্গীর আলমকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মির্জাপুর থানায় মজিবরের শ্যালক মোফাজ্জল হোসেন বাদী হয়ে মামলা করেন।
মামলার প্রধান আসামিকে ধরিয়ে দিতে গত বছরের ১১ অক্টোবর পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান মির্জাপুর থানায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।
পুলিশ বিভিন্ন সময় সন্দেহভাজন ২২ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে গত বছরের ১৫ অক্টোবর প্রধান অভিযুক্ত জাহাঙ্গীরের চাচাত ভাই এজারহারভুক্ত আসামি নূর মোহাম্মদ নিপুকে ঢাকার কামরাঙ্গীর চর লোহার ব্রিজ এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তিনি টাঙ্গাইলের আদালতে ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। এ ছাড়া ২২ নভেম্বর জাহাঙ্গীরকে তাঁর নিজের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তিনিও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আলোচিত এ হত্যাকাণ্ডে জাহাঙ্গীর ও তাঁর চাচাত ভাই নিপুর জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হন। পরে পুলিশ তাঁদের দুজন ও পেট্রল সরবরাহের অভিযোগে পেট্রল পাম্পের চার কর্মচারীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে ।