মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানো হবে না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়ানো হবে না। এ সময় জেলে আটক কিংবা পলাতকদের জন্য নির্বাচন কমিশনের (ইসি) কিছু করার নেই বলেও উল্লেখ করেন তিনি। আজ বুধবার ইসি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।
এর আগে বিএনপি-সমর্থক বিশিষ্ট নাগরিকদের সংগঠন ‘শত নাগরিক’-এর ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে দেখা করে সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা দুই থেকে তিন দিন পেছানোর দাবি জানান। একই সঙ্গে তাঁরা বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন বন্ধ হলে দলটি নির্বাচনে অংশ নেবে বলে ইসিকে জানান।
সিইসি বলেন, ‘তাঁরা বলেছেন, দুই-তিন দিন সময় বাড়ানো হলে ভালো। কিন্তু আমরা ইতিমধ্যে দুই দিন সময় বাড়িয়ে দিয়েছি। শুক্রবার ও শনিবার (ইসি কার্যালয়, ব্যাংকসহ মনোনয়ন জমার কাজে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান) বন্ধ থাকার কথা ছিল। আমরা খোলা রেখেছি। সুতরাং প্রার্থীদের কোনো সমস্যা হবে না।’
সিইসি আরও বলেন, তাঁরা (শত নাগরিক) বলেছেন, হঠাৎ করে কেন তফসিল ঘোষণা করা হলো। এর জবাবে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, হঠাৎ করে তফসিল ঘোষণা হয়নি। এর আগেও একবার তফসিল ঘোষণা হয়েছিল। কিন্তু আদালতের নিষেধাজ্ঞার কারণে নির্বাচন করা সম্ভব হয়নি। এরপর সীমানা নিয়ে সমস্যা দেখা দেয়। এ বিষয়ে কমিশন স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বারবার চিঠি দিয়েছে। শেষ পর্যন্ত তারা সীমানা বিন্যাস করে দিয়েছে। তার পরও ইসি সময় নিয়ে তফসিল ঘোষণা করেছে। বারবার বলেছি, এপ্রিল-মে মাসে নির্বাচন হবে। এইচএসসি পরীক্ষা ও রোজার বিষয় মাথায় রেখে তফসিল ঘোষণা করতে হয়েছে।
যাঁরা রাজনৈতিক মামলায় জেলে আটক আছেন বা পুলিশের ভয়ে যাঁরা পালিয়ে আছেন, তাঁদের ব্যাপারে ইসি কী ব্যবস্থা নেবে—জানতে চাইলে সিইসি বলেন, ‘এ বিষয়ে তো আমি আশ্বস্ত করতে পারি না। কেউ পালিয়ে থাকলে তাঁকে কীভাবে খুঁজে বের করব?’