
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন নিশ্চিত করেছে আওয়ামী লীগ। গতকাল রোববার দলের পক্ষ থেকে প্রার্থীদের কাছে মনোনয়নের চিঠি পাঠানো শুরু হয়েছে। দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীদের সমর্থকেরা আনন্দ মিছিল করেছেন। কোথাও কোথাও মিষ্টি বিতরণও হয়েছে। খাগড়াছড়ি, ফেনী ও আনোয়ারা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
নোয়াখালী
আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়নের ঘোষণায় নোয়াখালী জেলা শহর ও দ্বীপ উপজেলা হাতিয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা শহর মাইজদী ও দুপুরে হাতিয়ার ওছখালিতে স্থানীয় প্রার্থীর সমর্থকেরা এসব কর্মসূচি পালন করেন।
দলীয় সূত্র জানায়, নোয়াখালী-৪ আসনের বর্তমান সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে টানা তৃতীয়বারের মতো নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। গতকাল বিকেলে সাংসদ একরামুল করিম ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সভানেত্রীর স্বাক্ষর করা মনোনয়নপত্রের চিঠি গ্রহণ করেন। একরামুল দলীয় মনোনয়নের চিঠি হাতে পাওয়ার পর মুহূর্তের মধ্যেই তাঁর সমর্থকদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে। বিকেলে দলের নেতা-কর্মী ও সমর্থকেরা শহরের আবদুল মালেক উকিল সড়কের দলীয় কার্যালয়ে জড়ো হন। সন্ধ্যায় তাঁরা শহরে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে নোয়াখালী-৬ আসনে জেলার দ্বীপ উপজেলায় এবার টানা দ্বিতীয়বার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ আয়েশা ফেরদাউস। দুপুরে তিনি দলীয় মনোনয়নের চিঠি গ্রহণ করার পরই খবর পৌঁছে যায় নির্বাচনী এলাকার দলীয় সমর্থকদের মাঝে। উপজেলার ওছখালি, জাহাজমারা, তমরুদ্দি, বড়িরচর, নিঝুম দ্বীপসহ বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীরা তাৎক্ষণিক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।

লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এ আসনের বর্তমান সংসদ সদস্য মো. আবদুল্লাহ। তাঁর মনোনয়ন পাওয়ার খবরে গতকাল সন্ধ্যায় রামগতি ও কমলনগরের বিভিন্ন বাজারে আনন্দ মিছিল বের করেন দলটির স্থানীয় নেতা-কর্মীরা। ওই সময় মিছিল থেকে নৌকার পক্ষে ভোট চাওয়া হয়। পরে নিজেদের মধ্যে তাঁরা মিষ্টি বিতরণও করেন।
কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম নুরুল আমিন বলেন, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে মো. আবদুল্লাহর দলীয় মনোনয়ন পাওয়ার খবরটি এলাকায় পৌঁছায়। তাৎক্ষণিকভাবে নেতা-কর্মীরা হাজিরহাট বাজারে আনন্দ মিছিল বের করেন।
দলীয় সূত্রে জানা গেছে, কমলনগরের চর লরেন্স ও তোরাবগঞ্জ বাজার, রামগতি উপজেলা সদর চর আলেকজান্ডার, রামদয়াল ও রামগতির হাটেও একই ধরনের আনন্দ মিছিল বের করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
রাঙামাটি
রাঙামাটি আসনে থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার দলীয় মনোনয়ন পেয়েছেন। গতকাল বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম বুঝে নিয়েছেন বলে নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মূছা মাতববর।
দীপংকরের দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ায় জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর মনোনয়নকে নেতা-কর্মীরা স্বাগত জানান।
খাগড়াছড়ি
খাগড়াছড়ি সংসদীয় আসনে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরাকে মনোনয়ন দেওয়ায় মিষ্টি বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গতকাল জেলার দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণ করা হয়।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, খাগড়াছড়ির জেলা আওয়ামী লীগে ঐক্য রয়েছে। ঐক্যের শক্তিকে কাজে লাগিয়ে দল নির্বাচনে জিতবে।
উল্লেখ্য, খাগড়াছড়ি সংসদীয় আসনে আওয়ামী লীগের নয়জন মনোনয়নপ্রত্যাশী মনোনয়ন ফরম কেনেন। এই নয়জনের মধ্যে প্রার্থী হিসেবে কুজেন্দ্র লাল ত্রিপুরার নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।
ফেনী
ফেনী-২ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সাংসদ নিজাম উদ্দিন হাজারী মনোনয়ন পাওয়ায় দলীয় নেতা-কর্মীরা আনন্দ মিছিল করেছেন।
গতকাল বিকেল চারটার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী ফেনী পৌরসভা চত্বরে সমবেত হয়ে আনন্দ মিছিল শুরু করেন। মিছিলটি শহরের কলেজ রোড, মিজান রোড, ট্রাংক রোড ও জেল রোড হয়ে আবার পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্বে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, ফেনী সদর উপজেলা সভাপতি করিমুল হক, সাধারণ সম্পাদক নুর হোসেন, ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল করিম, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবীর, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, জেলা ছাত্রলীগের সভাপতি এম সালাউদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার প্রমুখ।
আনোয়ারা
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা,কর্ণফুলী) আসনে সাইফুজ্জামান চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত দলের নেতা-কর্মীরা। মনোনয়ন নিশ্চিত হওয়ার পর দলের নেতা-কর্মীরা নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। এ উপলক্ষে উপজেলার ১১টি ইউনিয়নে দলের প্রস্তুতি সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।