
সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। দলের দুই পক্ষ গত রোববার ও গতকাল সোমবার জেলা শহরে মিছিল ও সমাবেশ করেছে।
দলীয় সূত্র জানায়, আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন হবে। এতে জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদকে শুক্রবার রাতে কেন্দ্র থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়। এ খবরে জেলার সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পক্ষের নেতা-কর্মী, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা ক্ষুব্ধ হন। তাঁরা নজরুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে রোববার সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল করেন। পরে শহরের নিউমার্কেট-সংলগ্ন শহীদ আলাউদ্দীন চত্বরে সমাবেশ করা হয়। সেখানে বক্তব্য দেন জেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নান, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন, সাধারণ সম্পাদক এহসান হাবিব, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন প্রমুখ। বক্তারা মুনসুর আহমেদের মনোনয়ন বাতিল করে তৃণমূলের মতামতের ভিত্তিতে নজরুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দলের তৃণমূলের নেতা-কর্মীরা আমাকে নির্বাচন করার জন্য চাপ দিচ্ছেন। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে গতকাল দুপুরে মুনসুর আহমেদের পক্ষের নেতা-কর্মীরা আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন। সাতক্ষীরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ব্যানারে দুপুর ১২টার দিকে শহীদ আবদুর রাজ্জাক পার্ক থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো ঘুরে একই স্থানে এসে সমাবেশ করে। সেখানে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল হক সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের কৃষি-বিষয়ক সম্পাদক সরদার মুজিব, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, পৌর আওয়ামী লীগের লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, পৌরসভার কাউন্সিলর জ্যোৎস্না আরা প্রমুখ।
বেলা একটার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মুনসুর আহমেদ মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, দলের মধ্যে বিভাজন সৃষ্টি করতে একটি গোষ্ঠী দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সিদ্ধান্ত অমান্য করে বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে। তারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারে না।