মনোনয়ন পরিবর্তন
তৃণমূলের ভোটে নির্বাচিত হয়েও চাঁদপুরের কচুয়া উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই সাতটিসহ উপজেলার ১২টি ইউপিতে আগামী ২৮ মে ভোট গ্রহণ করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, পাথৈর ইউপিতে তৃণমূলের সমর্থন পেয়েছেন মোস্তাফিজুর রহমান। এখানে মনোনয়ন দেওয়া হয়েছে জহিরুল ইসলাম মিয়াজীকে। বিতারায় তৃণমূলের সমর্থন পান ইসমাইল হোসেন। কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে ইসহাক সিকদারকে। পূর্ব সহদেবপুরে ইমাম হোসেনের পরিবর্তে মনোনয়ন দেওয়া হয়েছে আ. রশিদ পাঠানকে। পশ্চিম সহদেবপুরে শহিদ উল্যাহ পাটওয়ারীর পরিবর্তে মনোনয়ন দেওয়া হয়েছে সামছুদ্দীন মুন্সীকে। কচুয়া উত্তর ইউপিতে মো. জাহাঙ্গীর আলমের পরিবর্তে বাসেদুজ্জামান সরকারকে, কচুয়া সদর দক্ষিণে সৈয়দ রবিউল ইসলামের পরিবর্তে মো. জসিম উদ্দিনকে, গোহট দক্ষিণে শাহরিয়ার শাহীনের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আমির হোসেন।
উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম বলেন, ‘আমি মনোনয়ন বোর্ডের একজন সদস্য। জেলা ও কেন্দ্র আমাদের সাতজন প্রার্থীকে পরিবর্তন করেছে। নির্বাচনে এসব প্রার্থী কীভাবে পাস করবে, এটা যাঁরা মনোনয়ন দিয়েছেন তাঁরা দেখবেন।’