মনোনয়ন পেলেন না খাদিজাতুল আনোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে চট্টগ্রামের দুজন নারী মনোনয়ন পেয়েছেন। তবে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সাবেক সাংসদ রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার ওরফে সনি মনোনয়ন পাননি। অথচ তাঁকে চট্টগ্রাম-২ আসনে সরাসরি নির্বাচনের জন্য মনোনয়ন দিয়ে পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ওই আসনটি মহাজোটের অংশীদার নজিবুল বশর মাইজভান্ডারীকে ছেড়ে দেয় আওয়ামী লীগ।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সংরক্ষিত আসনে ৩৯ জনের নাম ঘোষণা করে। সেখানে চট্টগ্রামের মনোনীত দুজন হচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাবিহা মুসা এবং অন্যজন ওয়াসিফা আয়শা।
সংরক্ষিত আসনে মনোনয়ন পাওয়া ওয়াসিফা আয়শা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য মরহুম আতাউর রহমান খান কায়সারের মেয়ে। ওয়াসিফার মা নিলুফার কায়সারও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন। ওয়াসিফার বাবা-মা বেঁচে নেই।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘সংরক্ষিত আসনে সনির নাম ছিল। তাঁর পরিবারের অবদান আমরা জানি। আসলে কীভাবে কী ঘটে গেল বুঝতে পারছি না। এখনো সময় আছে। আমরা কিছু করতে পারি কি না দেখা যাক।’