
নানা কারণে বিতর্কিত হওয়া বেশ কিছু নেতাকে আগামী নির্বাচনের দলীয় মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। নবম সংসদের জয়ী হওয়া মন্ত্রী ও সাংসদেরা যেমন মনোনয়ন থেকে বাদ পড়েছেন, তেমনি শামীম ওসমানের মতো বিতর্কিত নেতারা মনোনয়ন পেয়েছেন।
পদ্মা সেতুর কেলেঙ্কারির কারণে মন্ত্রিত্ব হারানো আবুল হোসেন মাদারীপুর-৩ আসন থেকে এবার মনোনয়ন পাননি। ওই আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ ছাড়া সর্বশেষ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন সারাহ বেগম কবরী। এবার ওই আসনে শামীম ওসমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় সংশ্লিষ্ট বিতর্কিত স্থানীয় সাংসদ (ঢাকা-১৯) তৌহিদ জং মুরাদকেও মনোনয়ন তালিকায় রাখা হয়নি। এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে ডাঃ এনামকে ।
রেলে নিয়োগ নিয়ে ঘুষ বাণিজ্য ও অর্থ কেলেঙ্কারির ঘটনায় বিতর্কিত সুরঞ্জিত সেনগুপ্তকে মনোনয়ন দেওয়া হবে কি না তা নিয়ে জল্পনা-কল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত সুনামগঞ্জ-২ আসনে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে। এদিকে সর্বশেষ মন্ত্রিসভার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এবার আওয়ামী লীগের মনোনয়ন পাননি। কয়েকটি আসনে কোনো প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। কুষ্টিয়া-২, ঢাকা ৮ ও ১৭ এবং চট্টগ্রামের কয়েকটি আসন ফাঁকা রাখা হয়েছে।