মনোনয়ন পেলেন ১০ জন

নারায়ণগঞ্জের চারটি সংসদীয় আসনে গতকাল মঙ্গলবার দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। চারটি আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে ১০ জনকে। কৌশলগত কারণে চার আসনেই একাধিক প্রার্থী দেওয়া হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কয়েকজন নেতা জানিয়েছেন।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জেলা ও উপজেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএ সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি তৈমুর আলম খন্দকার দলীয় মনোনয়ন পেয়েছেন। পাশাপাশি বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে মনোনয়ন দেওয়া হয়েছে। কাজী মনিরুজ্জামান বলেন, ‘এই নির্বাচন আমাদের আন্দোলনের অংশ। দেশনেত্রী খালেদা জিয়াকে কারামুক্ত করতে হবে।’ তৈমুর আলম খন্দকার বলেন, ‘জিয়া পরিবারকে আগ্রাসন থেকে মুক্ত করার লক্ষ্যে আমাদের এই নির্বাচন। কেন্দ্র পাহারা দিয়ে নির্বাচন করব ইনশা আল্লাহ।’
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুরের পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক প্রয়াত বদরুজ্জামান খান খসরুর ছেলে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান সুমনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ শাহ্ আলম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
মোহাম্মদ শাহ্ আলম বলেন, ‘জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার ও মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের এই সংসদ নির্বাচন।’
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে মহানগর বিএনপির সভাপতি সাবেক সাংসদ আবুল কালাম, মহানগর যুবদলের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে আসন ভাগাভাগি হলে জাতীয় ঐক্যফ্রন্টকে আসনটি ছেড়ে দিতে পারে বিএনপি।