মনোনয়ন প্রত্যাহারে হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী মোল্যাকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হয়েছে বলে তিনি লিখিত অভিযোগ করেছেন। উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ও অভয়নগর থানায় তিনি গতকাল বুধবার এই লিখিত অভিযোগ দেন।
লিখিত অভিযোগে তিনি বলেন, গত মঙ্গলবার দুপুরে জানাজায় অংশ নেওয়ার জন্য বর্নি বাজারে পৌঁছালে নৌকা প্রতীকের পক্ষের কয়েকজন তাঁর গতি রোধ করে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেন। মনোনয়ন প্রত্যাহার না করা হলে তাঁকে মেরে ফেলারও হুমকি দেন তাঁরা। এ সময় খবর পেয়ে শ্রীধরপুর ক্যাম্পের পুলিশ ও এলাকাবাসী তাঁকে উদ্ধার করেন।
তিনি আরও অভিযোগ করেন, ওই সন্ত্রাসীরা নির্বাচনী কর্মকাণ্ড থেকে সরে না গেলে তাঁকে কোনোভাবেই প্রচারণা চালাতে দেওয়া হবে না বলে হুমকি দিচ্ছেন এবং গালিগালাজ করছেন। এ অবস্থায় তিনি চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। শ্রীধরপুর ইউনিয়নে ২৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। মোহাম্মদ আলী মোল্যা বলেন, ‘এ ঘটনার পর থেকে আমি আত্মগোপনে আছি।’
আওয়ামী লীগের প্রার্থী মোশারেফ হোসেন তরফদার বলেন, ‘আমি বা আমার কোনো লোক মোহাম্মদ আলীকে হুমকি দিইনি।’
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি শেখ নাসির উদ্দিন বলেন, ‘মোহাম্মদ আলী মোল্যার লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’