মনোনয়ন বদলের দাবিতে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কের বেলাবর বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় গতকাল আওয়ামী লীগের নেতা–কর্মীরা বিক্ষোভ করেন।  ছবি: প্রথম আলো
ঢাকা-সিলেট মহাসড়কের বেলাবর বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় গতকাল আওয়ামী লীগের নেতা–কর্মীরা বিক্ষোভ করেন। ছবি: প্রথম আলো

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন দলটির স্থানীয় নেতা-কর্মীরা। ঢাকা-সিলেট মহাসড়কের বেলাবর বারৈচা বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে ও মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।
এদিকে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সন্ধ্যায় বেলাব বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়সহ কমপক্ষে ১০টি দোকান ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত সাড়ে নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
সংঘর্ষের ঘটনায় আহত পাঁচজন বেলাব স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শমসের জামান ভূঁইয়ার ছোট ভাই শাহিন ভূঁইয়া (২৮), উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম (২৫), সদস্য জনি (১৮), উপজেলা তাঁতী লীগের সদস্য নান্টু সাহা (২৫) ও কর্মী ইদ্রিস আলী (৩৫)। এ ছাড়া জুলহাস নামে আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বেলাব স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শাহিন ভূঁইয়া অভিযোগ করেন, ‘বেলাব বাজারে সাংসদ নুরুল মজিদ মাহমুদের সমর্থকেরা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলামের ওপর হামলা চালান। এই খবর শুনে আমরা কয়েকজন সেখানে গেলে তাঁরা আমাদের ওপরও হামলা করেন।’
অবরোধ চলাকালে অন্তত ২০ জন নেতা-কর্মীর সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক। তাঁরা বলেন, নেতা-কর্মীদের অবমূল্যায়ন, মনগড়া কমিটি গঠনসহ নানা অভিযোগে এই আসনের নেতা-কর্মীদের দাবি ছিল, বর্তমান সাংসদ নুরুল মজিদকে যেন নৌকার মনোনয়ন না দেওয়া হয়। তাঁর পরিবর্তে এ এইচ আসলাম সানীকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছিলেন তাঁরা।
বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি শমসের জামান ভূঁইয়া গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি শেষে যার যার বাড়ি ফিরে যাচ্ছিলাম। তবে বেলাব বাজারে সাংসদের সমর্থকেরা আমার ছোট ভাই শাহিনের ওপর হামলা করে। তারা আমার ভাইকে এলোপাতাড়ি কোপাতে থাকে। হামলার পর বেলাব এলাকার নিয়ন্ত্রণ নিতে সাংসদের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ পুলিশের সামনেই অস্ত্রসহ মহড়া দেয় এবং ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। তার নেতৃত্বেই বেলাব উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়।’
অভিযোগের বিষয়ে জানতে গত রাতে মঞ্জুরুল মজিদ মাহমুদের মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে সাংসদ নুরুল মজিদ মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আমার মনোনয়ন প্রাপ্তিতে আওয়ামী লীগের কোনো পক্ষ ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেনি। মহাসড়ক অবরোধ করেছে বিএনপি–জামায়াতের লোকেরা। আর সন্ধ্যার দিকে বেলাব বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। বাজারের কর্তৃত্ব বজায় রাখতে স্থানীয়রা নিজেদের মধ্যে মারামারি করেছে।’