মনোনয়ন, বহিষ্কার, প্রার্থিতা প্রত্যাহারে আইন লঙ্ঘিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাচনে দলভিত্তিক প্রার্থী মনোনয়ন বা সমর্থন দেওয়ার সুযোগ নেই। তা ছাড়া চাপ সৃষ্টি করে কোনো প্রার্থীকে প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করা যাবে না। এমনকি দল থেকে কাউকে বহিষ্কারও করা যাবে না।
নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন করে দেশজুড়ে এই তিন ধরনের ঘটনা ঘটছে বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটি এর প্রতিকারে উদ্যোগ না নেওয়ায় নির্বাচন কমিশনের ভূমিকার নিন্দা জানিয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে দ্রুত ও যথাযথ উদ্যোগ নিতে বলেছেন ওই সংগঠনের নেতারা।
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণ করে সুজন। কাল বৃহস্পতিবার ও ১ মার্চ অনুষ্ঠেয় দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের জন্য ঘোষিত ১১৭টি উপজেলায় প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান পদপ্রার্থীদের তথ্য প্রকাশ উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সুজনের সম্পাদক বদিউল আলম মজমুদার বলেন, নির্বাচন কমিশন নির্মোহ ও কঠোরভাবে দায়িত্ব পালন করলে ভোটারদের স্বার্থ রক্ষা হবে, যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন।
প্রার্থীদের তথ্য দেওয়া বাধ্যতামূলক উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে ভোটারদের ক্ষমতায়িত করা, তাঁদের প্রকৃত তথ্য জানানো এবং সঠিক সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করার মূলমন্ত্র রয়েছে।
নির্বাচন কমিশন সেই কাজটি যথাযথভাবে করছে না—এমন অভিযোগ তুলে মজুমদার বলেন, সুজন এ কাজ করতে চাইলেও সময় ও তথ্যের অভাবে প্রার্থীদের পূর্ণাঙ্গ তথ্য ভোটারদের জানাতে পারেনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে তিন কপি করে হলফনামা রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করার কথা। এর এক কপি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে টাঙিয়ে দিতে হবে, এক কপি সংরক্ষণ রাখতে হবে, যাতে এনজিও বা বিভিন্ন সংবাদমাধ্যম ফটোকপি করে নিতে পারে। কিন্তু বিভিন্ন উপজেলায় তথ্য সংগ্রহের ক্ষেত্রে নানা রকম বাধার সম্মুখীন হতে হয়েছে, যা কাম্য ছিল না।
মূল প্রবন্ধে বলা হয়, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চেয়ারম্যান পদে ৫২৭ জনের তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে ৫২১ জন প্রার্থীর তথ্যের বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায়, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ৫২১ জন প্রার্থীর অধিকাংশই (২৪৮ জন বা ৪৭.৬ শতাংশ) স্নাতক বা স্নাতকোত্তর। তাঁদের অধিকাংশের পেশা (৫৫.৪৭ শতাংশ বা ২৮৯ জন) ব্যবসা। কৃষির সঙ্গে জড়িত ২০.৩৫ শতাংশ বা ১০৬ জন।
প্রার্থীদের মধ্যে ১২৪ জনের (২৩.৮০ শতাংশ) বিরুেদ্ধে বর্তমানে মামলা আছে, অতীতে মামলা ছিল ১৭৭ জনের (৩৩.৯৭ শতাংশ) বিরুদ্ধে, অতীত ও বর্তমান উভয় সময়ে মামলা ছিল বা রয়েছে এমন প্রার্থীর সংখ্যা ৫৭ জন বা ১০.৯৪ শতাংশ।
বছরে দুই লাখ বা তার চেয়ে কম আয় করেন ১৫৫ জন (২৯.৭৫ শতাংশ) প্রার্থী। বছরে এক কোটি টাকার বেশি আয় করেন ছয়জন (১.১৫ শতাংশ) প্রার্থী। প্রার্থীদের মধ্যে আয়কর দেন ৩৮.৯৬ শতাংশ (২০৩ জন)।
সুজন মনে করে, স্থানীয় নির্বাচন নির্দলীয় হওয়া উচিত। তাহলে প্রার্থীর সংখ্যা বেশি হবে, ভোটাররাও যোগ্য প্রার্থী খুঁজে পাবেন।
সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সুজনের সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। মূল প্রবন্ধ পড়ে শোনান সংগঠনের সহযোগী সমন্বয়কারী সানজিদা হক।