চট্টগ্রাম-১২ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া দুই স্বতন্ত্র প্রার্থী আজ বুধবার নির্বাচন কমিশনে আপিল করবেন। আপিলে ফলাফল বিপক্ষে গেলে তাঁরা উচ্চ আদালতে যাবেন বলে জানা গেছে। সূত্র জানায়, আনোয়ারার উপনির্বাচনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাঁদের মধ্যে রিটার্নিং কর্মকর্তা গত রোববার আনোয়ারার চার স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। স্বতন্ত্র প্রার্থী হতে হলে তাঁদের যে এক শতাংশ ভোটারের স্বাক্ষর-সংবলিত তালিকা দিতে হয়, তাতে জাল করার দায়ে ওই চারজনের মনোনয়নপত্র বাতিল হয়।এদিকে নির্বাচনী বিধিমতে, কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশনে আপিলের সুযোগ থাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জালাল উদ্দিন আহমদ ও চট্টগ্রাম মহানগর জাপার (এরশাদ) সদস্যসচিব তপন চক্রবর্তী আপিল করবেন। তাঁরা দুজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।জালাল উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘আজ (বুধবার) মনোনয়নপত্রের বৈধতা চেয়ে আমি আপিল করব। আপিলে হারলে উচ্চ আদালতে যাব।’