মনোনয়ন বৈধতা চেয়ে দুই প্রার্থীর আপিল
চট্টগ্রাম-১২ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া দুই স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন আহমদ ও তপন চক্রবর্তী নির্বাচন কমিশন সচিবালয়ে মনোনয়ন বৈধতা চেয়ে আপিল করেছেন। গতকাল বুধবার তাঁরা আপিল করেছেন। তবে শুনানি কখন হবে, কমিশন তা তাঁদের জানায়নি। সূত্র জানায়, আনোয়ারা উপনির্বাচনে মনোনয়ন দাখিল করা ছয় প্রাথীর মধ্যে রিটার্নিং কর্মকর্তা চারজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। স্বতন্ত্র প্রার্থীদের দাখিলকৃত ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসংবলিত তালিকায় গোঁজামিলের অজুহাতে ওই চারজনের মনোনয়নপত্র বাতিল করা হলে তাঁদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জালাল উদ্দিন আহমদ ও চট্টগ্রাম মহানগর জাপার (এরশাদ) সদস্যসচিব তপন চক্রবর্তী রিটার্নিং কর্মকর্তার কাছে আপিল করার পরে রায় না পেয়ে গতকাল বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে আপিল করেছেন। জানতে চাইলে তপন চক্রবর্তী প্রথম আলোকে বলেন, আমি মনোনয়নপত্রের বৈধতা চেয়ে নির্বাচন কমিশনে আপিলের জন্য অবেদন করেছি।