মনোনয়নপত্র কিনলেন আফজল খান, চারজনকে সতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এক সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও তিন কাউন্সিলর পদপ্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সতর্ক করেছে নির্বাচন কমিশন।রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এই তথ্য জানান।এদিকে গতকাল মেয়র পদে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খানসহ চারজন এবং কাউন্সিলর পদে ১১৭ জন মনোনয়নপত্র কিনেছেন।রিটার্নিং কর্মকর্তা জানান, আফজল খান গত বুধবার একটি পত্রিকায় ভোট চেয়ে বিজ্ঞাপন দেওয়ায় তাঁকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে প্রচারপত্র বিতরণের অভিযোগে ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল বারী চৌধুরী, ১২ নম্বর ওয়ার্ডের মো. ইমরান বাচ্চু ও ১৮ নম্বর ওয়ার্ডের আসিফুর রহমান পলাশ সিকদারকে সতর্ক করা হয়েছে।রিটার্নিং কর্মকর্তা আরও জানান, ভোট গ্রহণের ২১ দিন আগে কোনো ধরনের প্রচার-প্রচারণা চালানো যাবে না।সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল দুপুরে মেয়র পদে আফজল খানের পক্ষে মনোনয়নপত্র কেনেন তাঁর ছেলে জেলা আওয়ামী লীগের সদস্য মাসুদ পারভেজ খান। মেয়র পদে মনোনয়নপত্র কিনেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) নূর-উর রহমান মাহমুদ ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ।এ ছাড়া গতকাল বিভিন্ন ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৯০ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। আর সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র কেনেন ২৭ জন। এ নিয়ে গত দুই দিনে সাধারণ কাউন্সিলর পদে ১৫৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন মনোনয়নপত্র কিনলেন।আগামী ২ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়া যাবে। আর আগামী ৫ জানুয়ারি প্রথমবারের মতো কুমিল্লা সিটি নির্বাচনে ভোট গ্রহণ হবে।সুজনের সঙ্গে বৈঠক: রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেনের সঙ্গে গতকাল বিকেলে সুশাসনের জন্য নাগরিক—সুজনের কুমিল্লা জেলা ও মহানগর নেতাদের বৈঠক হয়। রিটার্নিং কর্মকর্তার কর্যালয়ে দেড় ঘণ্টাব্যাপী ওই বৈঠকে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের পরিচিতি তথ্য প্রকাশ করে প্রচার করার জন্য কমিশনের সহযোগিতা চায় সুজন।বৈঠকে সুজন কুমিল্লা জেলা শাখার সভাপতি মমিনুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক আলী আকবর, মহানগর কমিটির আহ্বায়ক মো. সফিকুর রহমান এবং সচেতন নাগরিক কমিটি কুমিল্লার আহ্বায়ক শাহ মো. আলমগীর খান উপস্থিত ছিলেন। ইভিএমের প্রচার: গতকাল সন্ধ্যায় কুমিল্লা টাউন হলে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার বিষয়ে ভোটারদের ধারণা দিয়েছে নির্বাচন কমিশন।ভোটারদের দ্বারে মনিরুল হক: সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক গতকাল সকাল ১০টা থেকে শহরের রাজগঞ্জ ও চকবাজার এলাকার ভোটারদের কাছে দোয়া চান।এ ব্যাপারে মনিরুল হক বলেন, ‘আমি ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে দোয়া চেয়েছি। এ ধরনের প্রচারণায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে না।’স্থানীয় সাংসদদের বৈঠকগতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদের লবিতে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে স্থানীয় সাংসদদের বৈঠক হয়েছে। বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, কুমিল্লার সাংসদ আবদুল মতিন খসরু, মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, মুজিবুল হক, আ হ ম মুস্তফা কামাল, এ বি এম গোলাম মোস্তফা, আ ক ম বাহাউদ্দিন, তাজুল ইসলাম ও নাছিমুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে ওবায়দুল কাদের ও আবদুল মতিন খসরু কুমিল্লার সাংসদদের উদ্দেশে বলেন, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আফজল খানকে কুমিল্লার মেয়র পদে দলীয় সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন।