মনোনয়নপত্র ছিনতাইয়ের তিন ঘণ্টা পর ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে গতকাল শনিবার এক প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। তবে সমঝোতার ভিত্তিতে ওই মনোনয়নপত্র তিন ঘণ্টা পর ফেরত দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা যুবলীগের সহসভাপতি এস এম আলীম আলরাজি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র তোলেন। গতকাল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সকাল ১০টার দিকে আলীম আলরাজি মনোনয়নপত্র উপজেলা পরিষদের সামনে তাঁর ভগ্নিপতি আবদুর রাজ্জাকের স্টেশনারি দোকানে রেখে সমর্থকদের সঙ্গে কথা বলতে যান। বেলা ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাসান খসরু কৌশলে ওই দোকানের কর্মচারী নজরুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র ছিনতাই করে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে মনোনয়নপত্র উদ্ধারের জন্য নজরুলকে বাদী করে হাসান খসরুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ ছাড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করা হয়। একপর্যায়ে পুলিশ ও দলীয় নেতা-কর্মীর মাধ্যমে সমঝোতার ভিত্তিতে বেলা দুইটার দিকে হাসান খসরু মনোনয়নপত্র ফেরত দেন।
এ ব্যাপারে হাসান খসরু বলেন, ‘আলীম আমার কাছ থেকে সাড়ে আট হাজার টাকা ধার নিয়েছিলেন। এই টাকা ফেরত চাইলে তিনি আমার সঙ্গে খারাপ আচরণ করেন। এ কারণে তাঁর মনোনয়নপত্র কৌশলে আটকে রাখা হয়। এখানে কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।’
তবে আলীম আলরাজি বলেন, ‘হাসান আমার কাছ কোনো টাকা পান না। তিনি আমার প্রতিদ্বন্দ্বী অন্য এক প্রার্থীকে জেতানোর জন্য টাকা পাওয়ার নাটক করেছেন।’ সহকারী রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমান জানান, মনোনয়নপত্র ছিনতাইয়ের বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।