মনোনয়নপত্র ছিনিয়ে নিয়েছে ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদের নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গত রোববার বিকেলে একাডেমিক ভবনের নির্বাচন কমিশনারের কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের নেতারা নির্বাচন বন্ধ করার হুমকি দেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২৬ নভেম্বর শিক্ষক পরিষদের নির্বাচন হওয়ার কথা। ১৭ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ওই দিন ৩৩টি মনোনয়নপত্র জমা পড়ে। রোববার বিকেল সাড়ে চারটায় একাডেমিক ভবনের তৃতীয় তলায় পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রধান নির্বাচন কমিশনার ইফতেখারুল আলমের কক্ষে হামলা চালিয়ে সব মনোনয়নপত্রই ছিনিয়ে নেওয়া হয়। ইফতেখারুল আলম অভিযোগ করেন, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের নেতৃত্বে উত্তেজিত একদল কর্মী এই হামলা চালান এবং মনোনয়নপত্রগুলো ছিনিয়ে নিয়ে নির্বাচন বন্ধ করে দেওয়ার হুমকি দেন।ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়া ও নির্বাচন বন্ধ করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, শিক্ষক পরিষদের নির্বাচন নিয়ে ছাত্রলীগকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। একটি মহল তাঁদের সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এ কাজ করছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাউন্সিলের সভাপতি রবিউল হক এসব ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় তাঁরা জরুরি সভা করেছেন। এতে নির্ধারিত তারিখে শিক্ষক পরিষদের নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া সভায় ছাত্রলীগের এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়েছে।উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন জানান, এ বিষয়ে শিক্ষক কাউন্সিলের সভায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।