মনোনয়নপত্র জমা ইনুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনোনয়নপত্র জমা দিচ্ছেন হাসানুল হক ইনু। গতকাল ভেড়ামারা ইউএনও কার্যালয়ে।  ছবি: প্রথম আলো
মনোনয়নপত্র জমা দিচ্ছেন হাসানুল হক ইনু। গতকাল ভেড়ামারা ইউএনও কার্যালয়ে। ছবি: প্রথম আলো

তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশে যে অপরাধী, খুনি, সাম্প্রদায়িক জঙ্গি চক্র ও তার দোসরেরা ধারাবাহিকভাবে কোণঠাসা হয়ে পড়েছিল, তারা যেন রাষ্ট্রক্ষমতার বাইরেই থাকে।
গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়ে প্রথম আলোর কাছে এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন ইনু। এ সময় তাঁর সঙ্গে তাঁর স্ত্রী আফরোজা হক রিনাসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ইনু কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে আওয়ামী লীগের নেতৃত্বাধীনের ১৪ দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বেলা পৌনে একটায় মনোনয়নপত্র জমা দেওয়া শেষে তিনি কার্যালয় থেকে বের হন। এ সময় মুঠোফোনে ইনু এ প্রতিবেদককে বলেন, ‘এলাকায় আজ বিস্ময়কর উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠিত। ঘরে ঘরে বিদ্যুৎ যে জ্বলছে, সেটা আগামী পাঁচ বছর রাখার অঙ্গীকার করছি, যে রাস্তা পাকা করেছি, সেগুলো চকচকে রাখার অঙ্গীকার করছি। জঙ্গি, সন্ত্রাস, রাহাজানি, চুরি ও ডাকাতি যেটা বন্ধ করেছি, সেটা অব্যাহত রাখা হবে।’
ইনু আরও বলেন, ‘ভেড়ামারা-মিরপুরকে নতুন অর্থনৈতিক অঞ্চল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে এটা কুষ্টিয়ার বাইরে শহরের বৃহত্তর একটা শিল্পাঞ্চল করার অঙ্গীকার করছি।’ আসনে শরিক বা জোটে যেসব দল আছে, সে ব্যাপারে তিনি বলেন, ‘জোটে শরিক দল যারা আছে, তাদের সবার সঙ্গে সমন্বয় করা হয়েছে। এ ব্যাপারে আমি কোনো সমস্যা দেখি না।’