গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগদলীয় প্রার্থী সিমিন হোসেন রিমি গতকাল রোববার মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই দিন রিমির চাচা ও স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিন আহম্মেদ খান এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী আসাদুল্লাহও মনোনয়নপত্র জমা দিয়েছেন।সিমিন হোসেন রিমি বেলা আড়াইটার দিকে কাপাসিয়া উপজেলা মিলনায়তনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহামঞ্চদ হাসানুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মমতাজ উদ্দিন, সাবেক সাংসদ মো. শহিদুল্লাহ, জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আমানত হোসেন খান, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজগর রশিদ খান ও জাতীয় পার্টির নেতা মো. শামসুদ্দিন খান উপস্থিত ছিলেন।মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকেরা প্রতিক্রিয়া জানতে চাইলে আচরণবিধি লঙ্ঘন হবে উল্লেখ করে কোনো বক্তব্য দিতে চাননি সিমিন হোসেন রিমি। তবে সাংবাদিকদের অনুরোধে তিনি বলেন, ‘দলীয় মনোনয়ন পাওয়ার পর মনোনয়নপত্র জমা দেওয়া হলো দ্বিতীয় ধাপ।’ চাচা আফসার উদ্দিনের মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যাপারে জানতে চাইলে সিমিন হোসেন রিমি বলেন, ‘আমি এখনো আশা করি, আমরা একসঙ্গে থাকব।’গাজীপুর-৪ আসনে উপনির্বাচন হবে ৩০ সেপ্টেম্বর। মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। গতকাল পর্যন্ত ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এঁদের তিনজন গতকাল মনোয়নপত্র জমা দেন। আগামী বুধবার মনোনয়নপত্র বাছাই হবে। ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।