মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ও গড়পাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে গতকাল বৃহস্পতিবার সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এই প্রার্থীরা হলেন জাগীর ইউনিয়নে আওয়ামী লীগের জাকির হোসেন, বিএনপির মোহাম্মদ সেলিম, জাতীয় পার্টির দেলোয়ার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী শাহিন ইসলাম। গড়পাড়া ইউনিয়নে আওয়ামী লীগের আফসার উদ্দিন সরকার, বিএনপির ওসমান গণি ও স্বতন্ত্র প্রার্থী আবদুল মালেক। এর মধ্যে জাকির হোসেন ও আফসার উদ্দিন বর্তমান চেয়ারম্যান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ মে সদর উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আটটিতে নির্বাচন অনুষ্ঠিত হলেও জাগীর ও গড়পাড়া ইউনিয়নের নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। সে সময় জেলা বিএনপির পক্ষ থেকে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়াসহ প্রধান নির্বাচন কমিশনারের কাছে বিভিন্ন অনিয়মের লিখিত অভিযোগ করা হয়।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার জানান, গতকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সাতজন চেয়ারম্যান প্রার্থী, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যপদে ৯২ জন মনোনয়নপত্র জমা দেন। আজ শুক্রবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১৪ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার ও ১৫ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ৩১ অক্টোবর এই দুই ইউপিতে ভোট গ্রহণ করা হবে।