মনোনয়নপত্র জমা দেবেন ১৭ জনই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে তিনটি আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১৭ জন। ইতিমধ্যে দলের মনোনয়ন বোর্ড তাঁদের সাক্ষাৎকার নিয়েছে। দলের পক্ষ থেকে মনোনয়নপ্রত্যাশী সবাইকে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছে। দলের সিদ্ধান্ত অনুযায়ী যিনি মনোনয়ন পাবেন, তিনি ছাড়া অন্যরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। আগামী বুধবার এই ১৭ জন মনোনয়নপত্র জমা দেবেন।

বিএনপির স্থানীয় সূত্রগুলো বলছে, নেতা-কর্মীদের সংগঠিত রাখতে, বিদ্রোহ ঠেকাতে, অন্য দলে যাওয়া রোধ করতে ও ষড়যন্ত্র করে মনোনয়নপত্র বাতিল রোধ করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শরীয়তপুর-১ (সদর-জাজিরা) আসনের বিএনপির মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক সাংসদ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাদল, মাহাবুব মোর্শেদ টিপু ও আমিনুল ইসলাম, সহসভাপতি সিরাজুল হক মোল্লা ও শাহ আবদুস সালাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আকন্দ, ইতালি বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ফাহিমা আক্তার।

শরীয়তপুর-২ (নড়িয়া-সখীপুর) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ সফিকুর রহমান কিরণ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জামাল শরীফ হিরু, জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ফয়সাল আহম্মেদ।

>দলের ভেতর বিদ্রোহ ঠেকাতে ও ষড়যন্ত্র করে মনোনয়নপত্র বাতিল রোধ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ সম্পর্কে সফিকুর রহমান বলেন, মাঠপর্যায়ে নেতা-কর্মীদের সংগঠিত রাখতে নানান কৌশল নিতে হচ্ছে। এর অংশ হিসেবে অনেকেই মনোনয়নপত্র জমা দেবেন। যিনি চূড়ান্ত মনোনয়ন পাবেন, তাঁর পক্ষে সবাই কাজ করবেন।

শরীয়তপুর-৩ (ডামুড্যা-ভেদরগঞ্জের আংশিক ও গোসাইরহাট) আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুর উদ্দিন অপু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহম্মেদ আসলাম, জেলা মহিলা দলের আহ্বায়ক আল আসমাউল হুসনা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাহমিনা আওরঙ্গ, কেন্দ্রীয় সহ–তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আফজাল হোসেন সবুজ।

সাঈদ আহম্মেদ আসলাম বলেন, ‘ইতিমধ্যে কয়েকজন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ২৮ নভেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে তিন আসনের সবাই মনোনয়নপত্র জমা দেব। দলীয় সিদ্ধান্ত হয়েছে, গুরুত্বপূর্ণ যেসব নেতা দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন, তাঁরা সবাই মনোনয়নপত্র জমা দেবেন। এরপর যাঁর মনোনয়ন চূড়ান্ত হবে, তিনি ছাড়া অন্যরা প্রত্যাহার করে নেবেন। সবাই ওই প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

এ দিকে, এই তিন আসনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এরা হলেন- শরীয়তপুর-১ আসনে ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-২ আসনে এ কে এম এনামুল হক শামীম ও শরীয়তপুর-৩ আসনে নাহিম রাজ্জাক। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁদের এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়।