মনোনয়নপত্র জমার শেষ দিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হচ্ছেন কাওসার জামান। তিনি রংপুর মহানগর বিএনপির সহসভাপতি। গতবারের নির্বাচনেও তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বিএনপি সূত্র এ কথা জানিয়েছে।
গতকাল মঙ্গলবারও উৎসবমুখর পরিবেশে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মেয়র পদের দুই প্রার্থীসহ ৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বুধবার এই সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। গত সোমবার থেকে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়।
এদিকে গতকাল নিয়ম অনুসারে মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন মেয়র ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ–মনোনীত মেয়র প্রার্থী সরফুদ্দীন আহমেদ। রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন বলেন, পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি তাঁকে নিশ্চিত করা হয়েছে।
বিএনপি সূত্র বলেছে, স্থানীয় বিএনপি মেয়র পদে সম্ভাব্য পাঁচজন প্রার্থীর নামের একটি তালিকা কেন্দ্রে পাঠায়। সেখান থেকে একজনকে বাছাই করা হয়েছে। মনোনয়ন দৌড়ে কাওসার জামানের পরেই ছিলেন রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
রাতে কাওসার জামান প্রথম আলোকে বলেন, বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে ভালো করবে। দলের ব্যাপক জনসমর্থন আছে। দল যাঁকে মনোনয়ন দেবে, তিনিই নির্বাচন করবেন। দল তাঁকে মনোনীত করেছে—এমন খবর জানেন কি না, জানতে চাইলে তিনি বলেন, তাঁকে মনোনীত করার কথা তিনি শুনেছেন। কিন্তু এখনো আনুষ্ঠানিক চিঠি পাননি।
শহিদুল ইসলাম বলেন, দলের পক্ষ থেকে পাঁচজনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। সেখানে তাঁর নামও ছিল। তবে দলের জ্যেষ্ঠ নেতা কাওসার জামানই মনোনয়ন পেয়েছেন বলে তিনি জেনেছেন।
গতকালও সকাল থেকে রংপুরের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সামনে প্রার্থী ও তাঁদের সমর্থকদের সমাগমে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রার্থীরা নির্বাচনী বিধিমালা মেনে ছোট ছোট দলে সমর্থকদের নিয়ে এসে মনোনয়নপত্র জমা দেন। পরে তাঁরা সেখানে উপস্থিত ভোটারদের কাছে ভোট ও দোয়া চান।
নির্বাচন কার্যালয় বলেছে, গতকাল মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার। তিনি রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সাবেক সাংসদ ও বর্তমানে জাতীয় পার্টির চতুর্থ যুগ্ম মহাসচিব। সম্পর্কে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ভাতিজা। তিনি দলীয় মনোনয়ন চেয়ে পাননি। দলীয় মনোনয়ন পেয়েছেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোস্তাফিজার রহমান।
গতকাল শেষ বেলায় মনোনয়নপত্র জমা দেন মেয়র পদের একমাত্র নারী প্রার্থী সুইটি আঞ্জুম। তিনি এলাকায় নারী ও শিশুদের নিয়ে কাজ করেন।
এর আগে সোমবার মেয়র পদে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান, ইসলামী আন্দোলনের এ টি এম গোলাম মোস্তফা এবং স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা আবদুল মজিদ (বীর প্রতীক) মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবার মেয়র পদে ১৩ জন মনোনয়নপত্র নিয়েছেন। গতকাল পর্যন্ত পাঁচজন জমা দিলেন। ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়নপত্র নিয়েছেন ২৩০ জন। কাল জমা দিয়েছেন ৬৮ জন, আগের দিন জমা দিয়েছেন ৬৩ জন। সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ১১টি পদে মনোনয়নপত্র নিয়েছেন ৬৭ জন। কাল মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৯ জন, আগের দিন জমা দিয়েছেন ২৩ জন।
আজ মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ দিন। যাচাই-বাছাই হবে ২৫-২৬ নভেম্বর। বাছাই তালিকা প্রকাশ ২৭ নভেম্বর। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন আগামী ৩ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ করা ৪ ডিসেম্বর। বরাদ্দের পর থেকে প্রার্থীরা নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত প্রচার চালাতে পারবেন। ভোট গ্রহণ আগামী ২১ ডিসেম্বর।