মনোনয়নপত্র জমার শেষ দিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ রোববার। ইতিমধ্যে মেয়র পদে ১৪ জন, কাউন্সিলর পদে ৩৪৬ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮১ জন মনোনয়নপত্র কিনেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেয়র পদে জাতীয় পার্টির (জাপা) তিনজন ও আওয়ামী লীগের চারজনসহ ১৪ জন মনোনয়নপত্র কিনেছেন।জাপার এই তিন নেতা হলেন: রংপুর মহানগর জাতীয় পার্টির (জাপা) আহ্বায়ক ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য মসিউর রহমান, জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য পদত্যাগকারী রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান এবং পৌর জাপার সাবেক সভাপতি ও সাবেক মেয়র এ কে এম আবদুর রউফ। তাঁদের মধ্যে মসিউরের প্রতি সমর্থন জানিয়েছেন জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ। অন্যদের মধ্যে মনোনয়নপত্র কিনেছেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ শরফুদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সদস্য রাশেক রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কবির চৌধুরী, পৌর বিএনপির সাবেক সভাপতি কায়সার জামান, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মাজিরুল ইসলাম, নাগরিক ঐক্যের ফারুক আজিজ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের গোলাম মোস্তফা এবং স্বতন্ত্র মেহেদী হাসান ও হায়দার সরকার। সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, কাল (আজ) রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিভিন্ন পদের জন্য এ পর্যন্ত ৪৪১টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।