মনোনয়নপত্র জমার শেষ দিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-১২ (আনোয়ারা-পশ্চিম পটিয়া) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার।এই উপনির্বাচনে প্রয়াত সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর বড় ছেলে সাইফুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। গত মঙ্গলবার আওয়ামী লীগের নির্বাচনী বোর্ডে দলীয় সভানেত্রী শেখ হাসিনা তাঁর নাম ঘোষণা করেন।এ সময় আওয়ামী লীগের মনোনয়ন-প্রত্যাশী অপর ছয়জনও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী এখনো স্পষ্ট করে কিছু বলেননি। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সবার দৃষ্টি থাকবে তাঁর দিকে। এ প্রসঙ্গে আবুল কালাম চৌধুরী বলেন, ‘আমি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেব। এ মুহূর্তে কিছু বলব না।’সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘দলীয়ভাবে মনোনয়ন দেওয়ার পর এখন আর বিভ্রান্তি থাকবে না। সবাইকে নিয়ে আমি একসঙ্গে নির্বাচন করব।’এদিকে বিএনপি দলীয়ভাবে নির্বাচন না করলেও দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি জালাল উদ্দিন আহমেদ ও নিহত বিএনপির নেতা জামালউদ্দিনের বড় ছেলে চৌধুরী ফরমান রেজা লিটনসহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সব মিলিয়ে গতকাল বুধবার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৬ জন। বিএনপির নেতা জালাল উদ্দিন আহমেদ শেষ পর্যন্ত নির্বাচন করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার আর পেছনে যাওয়ার কোনো সুযোগ নেই।’ এই আসনে মোট ভোটার ২ লাখ ৫০ হাজার ৭৭১ জন। এর মধ্যে নারী ১ লাখ ২৪ হাজার ২৭৫ জন এবং পুরুষ ১ লাখ ২৬ হাজার ৫১২ জন। রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ আহমেদ খান বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।’ গত ৪ নভেম্বর সাংসদ আখতারুজ্জামান চৌধুরী মারা যাওয়ার পর নির্বাচন কমিশন ৯ ডিসেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাছাই-বাছাই করা হবে। ৩১ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আগামী ১৭ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে।