মনোনয়নপত্র দাখিল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
  • মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ এপ্রিল।
  • মনোনয়নপত্র বাছাই ১৫-১৬ এপ্রিল।
  • মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল।
  • প্রতীক বরাদ্দ ২৪ এপ্রিল।
  • ভোট গ্রহণ ১৫ মে।


গাজীপুর সিটি নির্বাচনে গতকাল বুধবার পর্যন্ত তিন দিনে মেয়র পদে একজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১২১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বিএনপি  ও আওয়ামী লীগের সূত্র জানিয়েছে, আজ দলীয় কার্যালয়ে বৈঠক শেষে প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেবেন।

গতকাল সকালে মেয়র পদে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) গাজীপুর মহানগর কমিটির সভাপতি রাশেদুল হাসান তাঁর সমর্থক নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।

রকিব উদ্দিন মণ্ডল জানান, ২ এপ্রিল থেকে গতকাল বিকেল পর্যন্ত মেয়র পদে ১৮ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৮৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্টের জালাল উদ্দিন গতকাল মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এদিকে গতকাল সকালে আওয়ামী লীগের দলীয় মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৫৭ জন কাউন্সিলর ও ১৯ জন সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে তাঁর প্রতিকৃতির সামনে দোয়া করেন। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা।

দলীয় নেতা-কর্মীরা জানান, দলীয় মনোনয়ন পাওয়ার পর গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গত সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে গতকাল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় কাউন্সিলর পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থীদের অনেকেই উপস্থিত ছিলেন। এ ছাড়া গতকাল বিকেলে গাজীপুর নগরের বিভিন্ন এলাকা থেকে সমর্থক নেতা-কর্মীরা জাহাঙ্গীর আলমের বাড়িতে আসেন। সেখানে নির্বাচন  পরিচালনার নানা দিক নিয়ে আলোচনা হয়।

জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, আজ সকাল ১০টায় মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানসহ অন্য জ্যেষ্ঠ নেতা-কর্মীদের নিয়ে দলের জেলা কার্যালয়ে আলোচনা হবে। পরে সেখান থেকে সবাই মিলে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাজহারুল ইসলাম জানান, বিএনপির দলীয় প্রার্থী হাসান উদ্দিন সরকার আজ দুপুরে দলের জ্যেষ্ঠ নেতা-কর্মীদের নিয়ে বিএনপির জেলা কার্যালয়ে আলোচনা করবেন। সেখান থেকে দলের নেতা-কর্মীদের নিয়ে তাঁর মনোনয়নপত্র জমা দেবেন। এ ছাড়া গতকাল হাসান উদ্দিন সারা দিন টঙ্গীর নিজ বাড়িতে নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন।

হাসান উদ্দিন সরকার বলেন, নির্বাচন সুষ্ঠু ও অবাধ হলে এবারও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন। একই সঙ্গে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য তিনি কাজ করে যাবেন।

জাসদের প্রার্থী রাশেদুল হাসান প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের প্রায় পাঁচ বছর হয়ে গেলেও তেমন কোনো উন্নয়ন হয়নি। এলাকার ভোটারদের অনেক বেশি প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন বলে আশা করছেন তিনি।

গাজীপুরে নির্বাচন কমিশনার
গতকাল বিকেলে রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। এ সময় রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘একজন ভোটার যাতে নির্বিঘ্নেœএবং ভয়শূন্য চিত্তে ভোটকেন্দ্রে যেতে পারেন সেই পরিবেশ আমরা নিশ্চিতভাবে সৃষ্টি করব। ইতিমধ্যে রংপুর ও কুমিল্লা সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখা সম্ভব হয়েছে। সেখানে ব্যারাক থেকে কেন অহেতুক সেনাবাহিনীকে ডেকে আনব।’

এর আগে তিনি গাজীপুরের সার্কিট হাউস মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে প্রশিক্ষণ কর্মশালায় তাঁদের বিভিন্ন দিকনির্দেশনা দেন নির্বাচন কমিশনার রফিকুল। এ সময় তিনি নির্বাচনের দায়িত্ব পালনরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি-সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, যেকোনো রাজনৈতিক প্রার্থী নির্বিঘ্নেœভোটারদের কাছে ভোট চাইতে পারবেন। তবে কোনো অরাজকতা বরদাশত করা হবে না। অহেতুক কোনো প্রার্থীকে নির্যাতন ও হয়রানি না করার জন্য নির্বাচন কমিশনারের পক্ষ থেকে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করা হয়েছে। রংপুর ও কুমিল্লার মতো স্বল্প পরিসরে গাজীপুর ও খুলনায় ইভিএম ব্যবহার করা হবে। আর প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর যিনি আচরণবিধি লঙ্ঘন করবেন, আলোচনা করে তাঁর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ১৫-১৬ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৪ এপ্রিল। ভোট গ্রহণ ১৫ মে।