প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল রোববার ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল থেকে কাউন্সিলর প্রার্থীরা ও দুপুর ১২টার পর থেকে মেয়র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা নিজ নিজ সমর্থকদের নিয়ে উপস্থিত হন আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সামনে। মনোনয়নপত্র দাখিলের পর অনেক প্রার্থীর সমর্থকেরা মিছিল বের করেন। কার্যালয়ের ভেতরে প্রবেশাধিকার সংরক্ষিত ছিল। গতকাল দুপুর ১২টার পরপরই মনোনয়নপত্র জমা দেন সদ্য বিদায়ী মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। সোয়া ১২টায় নগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান শাহীন মনোনয়নপত্র জমা দেন। জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল মনোনয়নপত্র জমা দেন বেলা তিনটার দিকে। গতকাল বেলা তিনটা পর্যন্ত মেয়র পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দেন।