মনোনয়নপত্র না পেয়ে ফিরে যাচ্ছেন প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি (দ্বিতীয়বার) ঘোষণা করা হয়েছে। এতে মনোনয়নপত্র বিতরণের তারিখ নির্ধারণ করা হয় ২৬ এপ্রিল থেকে আগামী ৫ মে পর্যন্ত। কিন্তু গত তিন দিন বিভিন্ন ইউনিয়ন থেকে চেয়ারম্যান ও ইউপি সদস্য পদের প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসে এসে মনোনয়নপত্র না পেয়ে ফিরে যাচ্ছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২৫ এপ্রিল ময়মনসিংহ জেলা প্রশাসন ফুলপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ জমা (৫ মে) বাছাই (৭-৮ মে), মনোনয়নপত্র প্রত্যাহার (১৫ মে) ও নির্বাচনের তারিখ ঘোষণা করেন। বালিখা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শামছুল আলম এবং রহিমগঞ্জ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাইদ সরকার গত বৃহস্পতিবার নির্বাচন অফিসে এসে মনোনয়নপত্র না পেয়ে চলে যান। তাঁরা বলেন, মনোনয়নপত্র বিতরণের তারিখ ঘোষণা করা হয়েছে, অথচ অফিসে মনোনয়নপত্র নেই; এটা কেমন কথা। এ ছাড়া বিসকা ইউপি থেকে সদস্য পদপ্রার্থী আকবর আলী, আবদুল কাদির, সুশীল চন্দ্র বিশ্বাস; কাকনী ইউপি থেকে সদস্য পদপ্রার্থী আবদুল বারেক আকন্দ; সিংহেশ্বর ইউপি থেকে সদস্য পদপ্রার্থী আফাজ উদ্দিন খানসহ অনেক প্রার্থী মনোনয়নপত্র না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফেরেন। উল্লেখ্য, ফুলপুর উপজেলার ২০টি ইউপিতে আগামী ৩১ মে ও ২ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।এ ব্যাপারে ফুলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, এখনো মনোনয়নপত্র অফিসে পৌঁছায়নি। তাই বিতরণ করা সম্ভব হচ্ছে না। তবে কয়েকদিনের মধ্যেই মনোনয়নপত্র পেয়ে যাবেন বলে তিনি জানান।