মনোনয়নপত্র প্রত্যাহার করতে চেয়েও পারেননি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী!
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী রিপন চাকমা মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পেরে পুলিশকে দায়ী করেছেন। তবে পুলিশ বলছে, তাঁকে সন্ত্রাসীদের হুমকির কারণে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছিল। গতকাল ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় রিপন চাকমা পুলিশ হেফাজত থেকে ছাড়া পেয়ে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বুধবার সকাল ১০টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাঁকে তুলে নিয়ে যায়। পরে তাঁকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মারিশ্যা জোনে নেওয়া হয়। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে সেখান থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
রিপন চাকমা বলেন, চেয়ারম্যান পদে তাঁরা দুজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তিনি।
রিপন চাকমার দাবি, তিনি কোনো নিরাপত্তা চাননি। তাঁকে জোর করে নিরাপত্তা চাওয়ার আবেদন লেখানো হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পার না হওয়া পর্যন্ত তাঁকে নিরাপত্তার নামে আটকে রাখা হয় বলে তিনি অভিযোগ করেন।
তবে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মোজাম্মেল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রিপন চাকমা নিরাপত্তা চাওয়ায় তাঁকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছিল। আজ (বৃহস্পতিবার) তাঁর স্ত্রীসহ কয়েকজন স্বজন এসে তাঁকে বাড়িতে নিয়ে গেছে।’