মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জসিমউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ আওয়ামী লীগ ও সাবেক সাংসদ প্রার্থী জসিমউদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।জেলা নির্বাচন অফিসের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার প্রথম আলোকে বলেন, গতকাল বেলা ১১টার সময় মেজর জসিমউদ্দিন তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, জসিমউদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করায় এ আসনে এখন দুজন প্রার্থীর মধ্যে ভোট গ্রহণ হবে। এ দুই প্রার্থী হলেন: বিএনপির হাফিজউদ্দিন আহমেদ ও আওয়ামী লীগের নুরনবী চৌধুরী। আগামী ২৪ এপ্রিল এ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জসিমউদ্দিন প্রথম আলোকে বলেন, দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। ব্যক্তিগত কাজে তিনি ঢাকা ছিলেন। আজ শুক্রবার থেকে তিনি লালমোহন-তজুমদ্দিনে নুরনবী চৌধুরী শাওনের পক্ষে প্রচারণায় নামবেন।জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন নির্বাচনী এলাকা পরিদর্শন করবেন। তিনি ভোলায় তিন দিন থাকবেন। শুক্রবার বিকেল তিনটায় জেলা পর্যায়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় করবেন। শনিবার সকাল আটটায় তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর জহিরুদ্দিনের পাঁচটি কেন্দ্র পরিদর্শন করবেন এবং সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। এ ছাড়া লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় প্রার্থী, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাধারণ জনগণ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।