আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া দলের মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে ব্যবস্থা নেবে বিএনপি। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পল্লি উন্নয়ন সম্পাদক মনিরুল হক চৌধুরী গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে এ কথা বলেন।দলীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা একটায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পল্লি উন্নয়ন সম্পাদক মনিরুল হক চৌধুরী দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দলের নয়াপল্টন কার্যালয়ে দেখা করেন। ওই সময় তিনি দলীয় সিদ্ধান্ত লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।জানতে চাইলে মনিরুল হক চৌধুরী বলেন, দুই দফা দলীয় চেয়ারপারসনের সঙ্গে কথা বলে যাঁরা নির্বাচন বর্জনের অঙ্গীকার করে এসে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে দল। এর জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৪ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি। এরপর বহিষ্কারসহ অব্যাহতির বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ বলেন, ‘আমরা দুই দফা সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের কথা জানিয়েছি। ইভিএম-বিরোধী প্রচারণা ও ইভিএমের মাধ্যমে কারচুপি কীভাবে হয়, তার সিডি ভোটারদের কাছে সরবরাহ করেছি। ১৪ ডিসেম্বরের মধ্যে দলের মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে দলের সবাই বসে সিদ্ধান্ত নেবেন। আমরা কাউকে কাউন্সিলর পদে প্রার্থী করিনি। রাজপথে থেকে মিছিল ও প্রতিবাদ করেছি। গণমাধ্যমকেও কেন্দ্রীয় সিদ্ধান্তের কথা জানিয়েছি।’