মনোনয়নপত্র প্রত্যাহার হয়নি, মাঠে থাকছেন রেজওয়ান ও মহিতুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ-৪ (ইটনা- অষ্টগ্রাম-মিঠামইন) আসনের উপনির্বাচনে গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কিন্তু আওয়ামী লীগের প্রার্থী ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহম্মদ এবং অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মহিতুল ইসলামের কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে চূড়ান্ত প্রার্থী হিসেবে এই দুজনই লড়াইয়ে থাকছেন।৯ জুন মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন শুধু আওয়ামী লীগের প্রার্থী রেজওয়ানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে অন্য দুজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদ হোসেন। কিন্তু মহিতুল নির্বাচনী আইন ও বিধি অনুযায়ী ঢাকায় নির্বাচন কমিশনে ১০ জুন আপিল করেন। ১৩ জুন বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ ও অপর কমিশনারদের উপস্থিতিতে শুনানি শেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহিতুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।ঘোষিত তফসিল অনুযায়ী আজ মঙ্গলবার বেলা ১১টায় প্রতীক বরাদ্দ করা হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩ জুলাই। মহিতুল জানান, আওয়ামী লীগের প্রার্থী রেজওয়ানের নৌকা মার্কা প্রতীকের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি টেলিভিশন বা ফুটবল প্রতীক চাইবেন।রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার মো. আশরাফুল আলম জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে যাবতীয় প্রস্তুতি এগিয়ে চলছে।সাবেক স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হলে এই আসনটি শূন্য হয়। এ আসন থেকে হামিদ সাতবার সাংসদ নির্বাচিত হন।