মনোনয়নপত্র প্রত্যাহারে চাপ সৃষ্টির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাঁচজন চেয়ারম্যান, চারজন সদস্য ও সংরক্ষিত নারী আসনের তিনজন সদস্য পদপ্রার্থী একটি আঞ্চলিক রাজনৈতিক দলের চাপের মুখে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন।অনেকেই পদত্যাগ না করে এলাকা ছেড়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ব্যাপারে সাজেক ইউপির সাবেক চেয়ারম্যান লাল এল থাঙ্গা গতকাল শুক্রবার পার্বত্য চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) বিরুদ্ধে চাপ সৃষ্টির অভিযোগ করে সেখানে (সাজেক) নির্বাচন স্থগিত করতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেন। আবেদনের অনুলিপি রাঙামাটি জেলা প্রশাসক ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।রাঙামাটির জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী ওই অনুলিপি পাওয়ার কথা নিশ্চিত করেছেন।বাঘাইছড়ি উপজেলার সাতটি ইউপির নির্বাচনে গতকাল ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।লাল এল থাঙ্গা প্রথম আলোকে জানান, আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা না করতে ইউপিডিএফ চাপ সৃষ্টি করছে। তারা ভোটারদের ওপরও চাপ সৃষ্টি করছে। ইউপিডিএফ একজন প্রার্থীর পক্ষে কাজ করায় সাজেক ইউপির নির্বাচন সুষ্ঠু হবে না। এ জন্য নির্বাচন স্থগিত রাখতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করা হয়েছে।স্থানীয় একাধিক সূত্র জানায়, ইউপিডিএফের চাপে সাজেক ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী প্রদীপ কুমার চাকমা ও নিখিল কুমার চাকমা, রূপকারী ইউনিয়নের বিশ্বজিৎ চাকমা ও মন্টু চাকমা এবং বঙ্গলতলী ইউনিয়নের তাতুলময় চাকমা মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য হয়েছেন।এ ব্যাপারে ইউপিডিএফের বাঘাইছড়ি উপজেলা শাখার সমন্বয়কারী সমশান্তি চাকমা বলেন, ‘আমরা কাউকে বাধা দিইনি। তবে প্রার্থীরা যাতে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, এ জন্য আমাদের সমর্থিত প্রার্থীকে সমর্থন দিতে অনুরোধ করেছি।’এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করতে গত বৃহস্পতিবার সাজেক ইউপির সংরক্ষিত নারী আসনের সদস্য পদপ্রার্থী কৃপা চাকমাকে অপহরণ করা হয়। এ জন্য ইউপিডিএফকে দায়ী করা হয়। মনোনয়নপত্র প্রত্যাহারে সম্মত হওয়ায় কৃপা চাকমাকে গতকাল সকালে মুক্তি দেওয়া হয়। তবে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য বাঘাইছড়ি ইউএনও কার্যালয়ে যাওয়ার সময় অপর একটি দল তাঁকে আটকে রাখে। ফলে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি।