টাঙ্গাইল-৩ (ঘাটাইল) সংসদীয় আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে অপর চারজন প্রার্থীর। রিটার্নিং কর্মকর্তা সৈয়দ খুরশিদ আনোয়ার গতকাল রোববার এ ঘোষণা দেন। জেলা প্রশাসকের সভাকক্ষে এদিন সব প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হয়। সহকারী রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে যতসংখ্যক ভোটারের স্বাক্ষরসংবলিত তালিকা আতাউর রহমান খানের জমা দেওয়ার কথা ছিল, তিনি তা দিতে পারেননি। এ জন্য তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলাম, দলটির বিদ্রোহী প্রার্থী আমানুর রহমান খান, জাতীয় পার্টির সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ ও আরেক স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক বীর প্রতীকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ তাঁর দলের প্রার্থীর সমর্থনে জনসংযোগ করতে আজ সোমবার ঘাটাইলে আসছেন।