জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের পাঁচটি শূন্য পদে নির্বাচনে আজ মঙ্গলবার থেকে মনোনয়নপত্র বিক্রি করবে আওয়ামী লীগ। ১০ হাজার টাকা মূল্যমানের এই মনোনয়নপত্র বিক্রি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ২৬ নভেম্বর দলীয় সংসদীয় বোর্ডের সভায় মনোনয়ন চূড়ান্ত করা হবে। গতকাল সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।এ সময় পদত্যাগের গুজব সম্পর্কে জানতে চাওয়া হলে সৈয়দ আশরাফ বলেন, ‘দেশের স্বনামধন্য ও বিশ্বাসযোগ্য কোনো পত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়ায় এ ধরনের সংবাদ পরিবেশন করা হলে আমি প্রতিক্রিয়া জানাতে পারতাম। একটি নাম-ঠিকানাহীন অখ্যাত ওয়েবসাইট বা নিউজ এজেন্সির কোনো সংবাদের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে পারি না।’ মন্ত্রিসভায় রদবদলের গুজব সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে সৈয়দ আশরাফ বলেন, ‘মন্ত্রিসভার পরিবর্তন-পরিবর্ধন করার এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রীর। তাই এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।’ আশরাফ জানান, সংসদের সংরক্ষিত পাঁচটি নারী আসনে দলের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আজ থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হবে। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ফরম বিক্রি হবে। বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত তা চলবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৫ নভেম্বর। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নারী সাংসদ নির্বাচনে ২৬ ডিসেম্বর ভোট দেবেন সাংসদেরা। ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ৪ ডিসেম্বর যাচাই-বাছাই এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৭ ডিসেম্বর। সংবিধান সংশোধন করে নারী আসন ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করায় পাঁচটি আসনে নির্বাচন হচ্ছে। গত নির্বাচনের ফলাফল অনুযায়ী পাঁচটি আসনেই আওয়ামী লীগ পাবে বলে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে।তৃণমূলের কাউন্সিল: তৃণমূল সম্মেলন সম্পর্কে সৈয়দ আশরাফ বলেন, সারা দেশে দলের সংগঠনকে সম্মেলনের মাধ্যমে ঢেলে সাজানোর ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সম্মেলন, এপ্রিলের মধ্যে উপজেলা ও থানা পর্যায়ের সম্মেলন এবং জুলাইয়ের মধ্যে জেলা ও মহানগর সম্মেলন শেষ করা হবে।আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয়ে রাত নয়টায় শেষ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, দলীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, কাজী জাফরউল্যাহ ও ওবায়দুল কাদের। গৃহায়ণ প্রতিমন্ত্রী ও দলীয় দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান সভায় বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন।