মনোনয়নপত্র বিক্রি শুরু ইভিএমের পক্ষে প্রচার
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গতকাল বুধবার মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। শুরু হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতির পক্ষে প্রচারণাও। আগামী ৫ জানুয়ারি কুমিল্লা সিটি নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল কাউন্সিলর পদে ৭৮ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৬৬ জন প্রার্থী এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র কেনেন। তবে মেয়র পদে কোনো প্রার্থী গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেননি।ইভিএমের পক্ষে প্রচার: জেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে গতকাল বিকেল পাঁচটা থেকে কুমিল্লা টাউন হল মাঠে প্রজেক্টরের মাধ্যমে ইভিএমে ভোট দেওয়ার কৌশল সম্পর্কে ভোটারদের ধারণা দেওয়া হয়। কুমিল্লা সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আবদুল বাতেন জানান, নির্বাচনের আগে ২৭টি ওয়ার্ডে এ প্রচারণা চালানো হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে সব ওয়ার্ডে ইভিএম ব্যবহার করা হবে।এদিকে সিটি করপোরেশন এলাকার ২৭টি ওয়ার্ডে যেসব প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগিয়েছেন, তাঁদের আজ বৃহস্পতিবার মধ্যরাতের মধ্যে তা সরানোর জন্য বলা হয়েছে। গতকাল এ উপলক্ষে শহরে মাইকিং করা হয়। একই সঙ্গে কুমিল্লা সিটি করপোরেশন কর্তৃপক্ষও অবৈধ প্রচারণার সরঞ্জাম সরানোর উদ্যোগ নিয়েছে। ভোটার তালিকা: এ নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা গতকাল প্রকাশ করা হয়েছে। মোট ভোটার সংখ্যা এক লাখ ৬৯ হাজার ২৭৩ জন। এর মধ্যে পুরুষ ৮৩ হাজার ১৯৯ জন, নারী ৮৬ হাজার ৭৪ জন।নির্বাচনী ব্যয় ও প্রতীকসংক্রান্ত তথ্য: একজন মেয়র পদপ্রার্থীর নির্বাচনী ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ টাকা। এর বাইরে মেয়রপ্রার্থী অতিরিক্ত ৭৫ হাজার টাকা ব্যক্তিগতভাবে ব্যয় করতে পারবেন। আর মনোনয়ন জমা দেওয়ার সময় ২০ হাজার টাকা জামানত ফি দিতে হবে। মেয়র পদপ্রার্থীদের জন্য প্রতীক রাখা হয়েছে ২০টি। সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচনী ব্যয় দুই লাখ টাকা আর প্রার্থীর ব্যক্তিগত ব্যয় ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তাঁদেরও জামানত ফি বাবদ ২০ হাজার টাকা জমা দিতে হবে। তবে ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থীর নির্বাচনী ব্যয় এক লাখ টাকা আর ব্যক্তিগত খরচ ১০ হাজার টাকা ঠিক করা হয়েছে। এ ক্ষেত্রে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের ১০ হাজার টাকা জামানত ফি দিতে হবে। ভোটার সংখ্যা কম হওয়ায় ওয়ার্ডটির ক্ষেত্রে এ প্রার্থক্য করা হয়েছে। তাঁদের জন্য ১৮টি প্রতীক বরাদ্দ রয়েছে। তবে সাধারণ কাউন্সিলর পদপ্রার্থীর ক্ষেত্রে এক লাখ টাকা নির্বাচনী খরচ, ব্যক্তিগত খরচ ১০ হাজার টাকা ও জামানত ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সাধারণ কাউন্সিলরদের জন্য ৩০টি প্রতীক বরাদ্দ রয়েছে। নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের সমর্থকেরা ভিড় করছেন। সংশ্লিষ্ট প্রার্থীরা কেউ দেয়ালে সাঁটানো পছন্দের প্রতীক দেখছেন। আবার কেউ বা ৫০০ টাকা দিয়ে ভোটার তালিকার সিডি কিনছেন।নির্বাচনী কার্যক্রম চলবে জেলা পরিষদ পুরাতন ভবন ও টাউন হলে: আগামী রোববার থেকে নির্বাচনসংক্রান্ত সব কার্যক্রম চলবে জেলা পরিষদের পুরাতন ভবন ও টাউন হলে। এর মধ্যে কুমিল্লা টাউন হলে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই ও বাছাই ৪ ও ৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৫ ডিসেম্বর এবং ৪ ও ৫ জানুয়ারি নির্বাচনী কার্যক্রম চলবে।