শরীয়তপুর সদর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী রফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত। ঋণখেলাপি হওয়ায় রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। প্রার্থিতা ফিরে পেতে তিনি গত রোববার সকালে উচ্চ আদালতে আপিল করেন। শুনানি শেষে বিকেলে আদালত তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন গতকাল সোমবার সন্ধ্যায় বলেন, উচ্চ আদালত রফিকুল ইসলামের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন এবং তাঁকে প্রতীক বরাদ্দ দেওয়ার আদেশ দিয়েছেন। তাঁকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রফিকুল ইসলামকে শরীয়তপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেওয়া হয়। ৬ ডিসেম্বর ঋণখেলাপির অভিযোগে রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। প্রার্থিতা ফিরে পেতে ৭ ডিসেম্বর রফিকুল ইসলাম জেলা প্রশাসকের কাছে আপিল করেন। ১০ ডিসেম্বর জেলা প্রশাসক আপিল আবেদন নামঞ্জুর করেন।
রফিকুল ইসলামের মনোনয়ন বাতিল হওয়ার পর আওয়ামী লীগ থেকে নতুন করে স্বতন্ত্র প্রার্থী ফারুক আহম্মেদকে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত ওই চিঠি ৮ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়। এ বিষয়ে মতামত চেয়ে রিটার্নিং কর্মকর্তা ওই চিঠি নির্বাচন কমিশনে পাঠান। ১০ ডিসেম্বর নির্বাচন কমিশন চিঠি দিয়ে ফারুক আহম্মেদকে নৌকা প্রতীক না দেওয়ার কথা জানিয়ে দেন।
এদিকে রফিকুল ইসলাম প্রার্থিতা ফিরে পেতে রোববার উচ্চ আদালতে আপিল করেন। শুনানি শেষে আদালত তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।
রফিকুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি ঋণখেলাপি ছিলাম না। ব্যাংকের একটি অন্য জটিলতায় রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র বাতিল করেছিল। উচ্চ আদালতে আপিল করলে আদালত আমার প্রার্থিতা বহাল রাখে।’