মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনেই আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়নপ্রত্যাশী ব্যক্তিদের প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু হয়ে গেছে। ঈদ ও পূজার আগে-পরে তাঁরা বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
কেউ কেউ পূজামণ্ডপে চাল ও টাকা এবং ঈদে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে টাকা ও ঈদ উপহার বিতরণ করেছেন। নির্বাচন সামনে রেখে কেউ কেউ একাধিক পশু কোরবানি দিয়েছেন।
ঈদ ও পূজা সামনে রেখে অনেকেই রঙিন পোস্টার, বিলবোর্ড ও ডিজিটাল ব্যানার দিয়ে সংসদীয় আসনের লোকজনকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনটি আসনেই মনোনয়নপ্রত্যাশী ব্যক্তিদের মধ্যে চলছে প্রচারণার প্রতিযোগিতা।
মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়): এ আসনের বর্তমান সাংসদ আওয়ামী লীগের আনোয়ারুল হক। তিনি এবারও মনোনয়ন চাইবেন। দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন (জেলা পরিষদের প্রশাসক), সহসভাপতি আবদুস সালাম (সরকারি কৌঁসুলি), সহসভাপতি সার্জেন্ট নূরুল হক, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক নূরুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা রেজাউল করিম, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জাসদের জেলা শাখার সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান এবং জেলা জাতীয় পার্টির সহসভাপতি আলী আকবর নিজ দল বা মহাজোট থেকে মনোনয়ন পেতে প্রচারণা চালাচ্ছেন।
এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যক্তিদের মধ্যে রয়েছেন দলের প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের দুই ছেলে জেলা বিএনপির সহসভাপতি খোন্দকার আবদুল হামিদ ও কৃষিবিষয়ক সম্পাদক খোন্দকার আকবর হোসেন। একই দল থেকে মনোনয়ন পেতে গণসংযোগ করছেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক তোজাম্মেল হক ও সাংগঠনিক সম্পাদক এস এ কবির জিন্নাহ।
মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর ও মানিকগঞ্জ সদরের একাংশ): এ আসনের বর্তমান সাংসদ মহাজোটের শরিক দল জাতীয় পার্টির এস এম আবদুল মান্নান আবারও নির্বাচন করবেন। জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন এই আসনেও মনোনয়ন চাইবেন। আওয়ামী লীগের সাবেক সাংসদ শামসুদ্দিন আহমেদ, কেন্দ্রীয় যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন এবং সংরক্ষিত আসনের সাংসদ কণ্ঠশিল্পী মমতাজ বেগমও এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এইচ এম এরশাদ সরকারের আমলের সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ারও গণসংযোগ করছেন।
এ আসনে বিএনপির মনোনয়ন চাইবেন সাবেক সাংসদ মঈনুল ইসলাম খান এবং মাশাফি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ শিল্পপতি সাইফুল হুদা চৌধুরী।
মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া ও সদরের একাংশ): এ আসনের বর্তমান সাংসদ আওয়ামী লীগের জাহিদ মালেক। ভোটারদের আকৃষ্ট করতে তিনিও ব্যানার, পোস্টার ও বিলবোর্ড লাগিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর পাশাপাশি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা, যুগ্ম সম্পাদক বাদরুল ইসলাম খান ও শাখাওয়াত হোসেন এবং সদর উপজেলার সভাপতি জালাল উদ্দিন আহমেদ দলীয় মনোনয়ন পেতে প্রচার-প্রচারণা শুরু করেছেন।
জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন খান এবং জাতীয় পার্টির সাবেক যুগ্ম মহাসচিব মো. হাবিবুল্লাহ মহাজোট বা দলের মনোনয়ন পেতে গণসংযোগ করে যাচ্ছেন।
বিএনপির মনোনয়ন পেতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন দলের জেলা সভাপতি আফরোজা খান, সহসভাপতি জামিলুর রশিদ খান ও আজাদ হোসেন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান। এই আসনে নির্বাচনের জন্য সাবেক সাংসদ ও গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য মফিজুল ইসলামও প্রচার-প্রচারণা ও গণসংযোগ করছেন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপক কুমার ঘোষ বলেন, এবারের নির্বাচনে যাঁরা মনোনয়নপ্রত্যাশী, তাঁদের কারও কারও তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগই নেই। দলীয় কর্মকাণ্ডেও দেখা যায় না। আশা করি, দলের নীতি-নির্ধারকেরা যাচাইবাছাই করে যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেবেন।