মনোনয়নবঞ্চিত আ.লীগ সাংসদ-সমর্থকদের অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু
ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের (সদর-বিজয়নগর) আওয়ামী লীগের সাংসদ র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় তাঁর সমর্থকেরা রেললাইন অবরোধ করলে ট্রেন চলাচল বন্ধ ছিল।
ওবায়দুরের সমর্থকেরা শহরের কাওতলী মোড়, কুমারশীল মোড়, পৈরতলা, ফুলবাড়িয়া, ঘাটুরা ও চিনাইর এলাকার রেললাইন অবরোধ করেন। একই সঙ্গে তাঁরা ঢাকা-সিলেট মহাসড়ক ও সুলতানপুর-আখাউড়া সড়কও অবরোধ করেন। এর ফলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছিল। বিকেল সাড়ে চারটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। এর পরই সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে স্টেশন ছেড়ে যায় বলে প্রথম আলো ডটকমককে জানান ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার অমৃত লাল সরকার।
গতকাল বুধবার আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আওয়ামী লীগ ও মহাজোটের জ্যেষ্ঠ নেতারা এক বৈঠক করেন। বৈঠকে ২৩০টি আসন আওয়ামী লীগের জন্য রেখে বাকি ৭০টি আসন জোট ও মিত্রদের দেওয়ার সিদ্ধান্ত হয়। এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিকে (জাপা) ৫৯টি, জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) চারটি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে চারটি, আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টিকে (জেপি) দুটি এবং তরীকত ফেডারেশনকে একটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। জাতীয় পার্টি ছাড়া অন্য দলগুলো নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে। তবে জাতীয় পার্টি নির্বাচন করবে লাঙ্গল প্রতীক নিয়ে।
সাংসদ র আ ম ওবায়দুরের সমর্থকেরা জানান, এই আসনে তাঁকে মনোনয়ন না দেওয়ায় এখন এখানে মহাজোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় পার্টির প্রার্থী রেজাউল ইসলাম।