আগামী ২৩ মার্চ অনুষ্ঠেয় টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে বিএনপি এবং ওই এলাকার রাজনৈতিক নেতা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী অংশ নিচ্ছেন না, এটা অনেকটাই নিশ্চিত।
ফলে ক্ষমতাসীন আওয়ামী লীগ যাঁকে মনোনয়ন দেবেন, তাঁরই জেতার সম্ভাবনা বেশি। এ জন্য দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের নেতারা জোর চেষ্টা-তদবির করেছেন।
গত ২০ জানুয়ারি ওই আসনের সাংসদ শওকত মোমেন শাহজাহান হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি শূন্য হয়। ফলে দীর্ঘ ১৪ বছর পর আবারও এই আসনে উপনির্বাচন হতে যাচ্ছে। এর আগে কাদের সিদ্দিকী আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলে ১৯৯৯ সালের ১৫ নভেম্বর সেখানে উপনির্বাচন হয়েছিল। ‘বিতর্কিত’ ওই উপনির্বাচনে কাদের সিদ্দিকীকে হারিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শওকত মোমেন নির্বাচিত হন।
গত ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি ও কাদের সিদ্দিকীর দল অংশ না নেওয়ায় এই উপনির্বাচনেও তারা অংশ নিচ্ছে না বলে দলীয় সূত্রে জানা গেছে। তাই ‘সহজে জয়ের’ আশায় আওয়ামী লীগের মনোনয়ন পেতে একাধিক ব্যক্তি চেষ্টা করছেন। এলাকার মানুষেরও আগ্রহ—কে হচ্ছেন শওকত মোমেন শাহজাহানের উত্তরসূরি? আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য যাঁরা গণসংযোগ ও চেষ্টা করছেন, তাঁদের মধ্যে রয়েছেন প্রয়াত সাংসদের ছেলে ও কেন্দ্রীয় প্রজন্ম লীগের সহসভাপতি অনুপম শাহজাহান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউল মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক আবদুল মালেক মিয়া, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও বোয়ালী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ এবং আইনজীবী আবদুর রশিদ।
অনুপম শাহজাহান ও আতাউল মাহমুদ প্রথম আলোকে বলেন, তাঁরা মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।
এদিকে বিএনপির একাংশের নেতা দাবিদার লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর স্বতন্ত্র প্রার্থী হবেন বলে এলাকায় পোস্টার সেঁটেছেন। আর জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী কাজী আশরাফ সিদ্দিকী বলেন, ‘দশম সংসদ নির্বাচনে দলের চেয়ারম্যান এরশাদের নির্দেশে মনোনয়ন তুলে নিয়েছিলাম, যার কারণে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হয়েছিলেন। এবার খালি মাঠে গোল দিতে দেব না।’