মনোনয়ন-বাণিজ্যের অভিযোগ আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন-বাণিজ্যের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ প্রতিটি মনোনয়ন ফরমের জন্য ২০ হাজার এবং বিএনপি ৫ হাজার করে টাকা নিয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আগামী ১৬ এপ্রিল চিনাডুলি, নোয়ারপাড়া, কুলকান্দি, সাপধরী, পাথর্শী ও বেলগাছা ইউপির নির্বাচন হবে। ২০ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২১ মার্চ যাচাই-বাছাই ও ২৮ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৯ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ গত শুক্র ও শনিবার চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ করে। বিএনপি সোম ও মঙ্গলবার ফরম বিতরণ করে। ছয়টি ইউনিয়নে ৪১ জনের কাছে মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। বিএনপি বিক্রি করে ১৪ জনের কাছে।
দলীয় মনোনয়নপ্রত্যাশী কয়েকজন চেয়ারম্যানপ্রার্থী বলেন, দল থেকে মনোনয়ন ফরম বিনা মূল্যে দেওয়ার কথা। কিন্তু প্রতিটি ইউনিয়নে পাঁচ থেকে ছয়জনের কাছে ফরম বিক্রি করা হয়েছে। নির্বাচনী মাঠে নামার আগেই ২০ হাজার টাকা করে ফি দিতে হলো। এমন অনেক প্রার্থী রয়েছেন দলীয় মনোনয়ন পেতে লাখ টাকা ব্যয় করতেও তাঁরা প্রস্তুত। দলীয় নেতাদের খুশি করতে সবাই টাকা দিয়েছেন।
নোয়ারপাড়া ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মো. আছাদুজ্জামান বলেন, ‘আমি ছাড়াও নোয়ারপাড়ায় আরও ১২ জন দলের মনোনয়ন পেতে ফরম নিয়েছেন। প্রত্যেকে ২০ হাজার করে টাকা জমা দিয়ে ফরম নিয়েছি। উপজেলা দপ্তর সম্পাদকের কাছে এ টাকা জমা দিয়েছি।’
চিনাডুলি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আবদুল সালাম বলেন, ‘দলীয় মনোনয়নপত্র ফরমের সময় প্রত্যেক প্রার্থীই টাকা দিয়েছেন। আমার বেলায়ও ব্যতিক্রম হয়নি। যেখানে তাঁরা দলীয় সমর্থন দেবেন, সেখানে এসব বিষয় নিয়ে বাড়াবাড়ি করা যায় না।’
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রেজা বলেন, ‘দলীয় ফান্ডের জন্য ২০ হাজার করে টাকা নেওয়া হয়েছে। এ টাকা দলীয় কাজে ব্যয় করা হবে।’
নোয়ারপাড়া ইউপিতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মশিউর রহমান বলেন, ‘দল থেকে ৫ হাজার করে টাকা ধরা হয়েছে। সবাই এ টাকা দিয়েছেন। আমিও দিয়েছি।’
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন বলেন, ‘জোর করে কোনো প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া হয়নি। অনেকেই ইচ্ছা করে টাকা দিয়েছেন। উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের চেয়ার এবং নির্বাচনী কাজের বিভিন্ন মিটিংয়ের আপ্যায়নে খরচ করার জন্য টাকা দিয়েছেন তাঁরা।’