মনোবল হারায়নি সেঁজুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের সময় ঢাকার পিলখানার বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে দিনাজপুর শহরের কুঠিবাড়ী এলাকায় বিডিআর সেক্টর সদর দপ্তরের জওয়ানেরাও বিদ্রোহ করেন। বিদ্রোহী জওয়ানেরা ওই দিন সকাল নয়টার দিকে গুলিবর্ষণ শুরু করলে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহুর্মুহু গুলির শব্দে দিনাজপুর শহরের মিশন রোড, ষষ্ঠীতলা, ঈদগাহ আবাসিক এলাকা, কালেক্টরেট এলাকা থেকে প্রাণভয়ে ছুটে আসছে হাজারো মানুষ। দিনাজপুর রয়েল রেসিডেন্সিয়াল স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী সাবনাজ বিনতে জিয়া ওরফে সেঁজুতি রিকশায় করে স্কুলে যাচ্ছিল। মানুষের হুড়োহুড়িতে রিকশাচালক ভয়ে সেঁজুতিকে রাস্তায় ফেলে রেখে দৌড়ে পালিয়ে যান। একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিকশাটিকে ধাক্কা দেয়। সেঁজুতি ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকা চলে যায় তার ডান পায়ের ওপর দিয়ে। সেঁজুতির আর্তচিৎকারে এগিয়ে এসে একজন রিকশাচালক তাকে দিনাজপুর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেঁজুতির বাবা জিয়াউল হক বলেন, হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা সেঁজুতির কাছ থেকে নম্বর নিয়ে তাঁর মুঠোফোনে মেয়ের দুর্ঘটনার খবর দেন। সেঁজুতি বলে, ‘২০১০ সালে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই শহরের চেহেলগাজী শিক্ষা নিকেতনে। সুস্থ থাকাকালে গান শিখতাম এবং দৌড় প্রতিযোগিতায় আমার অনেক পুরস্কার আছে। কিন্তু বর্তমানে হাঁটতে পারি না; পা ফুলে যায়। ব্যথা করে। এ কারণে নিয়মিত স্কুলে যেতে পারি না। কেবল পরীক্ষায় অংশ নিই।’সেঁজুতির মা নাজমা হক জানান, চিকিৎসকের পরামর্শে সেঁজুতিকে ওই দিনই ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। পরিবারের সব সঞ্চয় শেষ করে ওর চিকিৎসা করা হয়েছে। ও এখন কোনোমতে হাঁটতে পারে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তিন মাস পর পর তাকে ঢাকায় নিয়ে যেতে হয়। ২০ বছর পর সেঁজুতির আরকেটি বড় অস্ত্রোপচার করাতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। চেহেলগাজী শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক সনৎ চক্রবর্তী বলেন, স্বাভাবিক চলাফেরার ক্ষমতা হারালেও সেঁজুতি মনোবল হারায়নি। সে ২০১২ সালের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।