মনোহরগঞ্জে অধিকাংশ সেতু ভেঙে গেছে চলাচলে দুর্ভোগ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে কয়েকটি সেতু ভেঙে যাওয়ায় যানবাহন চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।সরেজমিনে দেখা যায়, নাথেরপেটুয়া ও লক্ষ্মণপুর ইউনিয়ন থেকে উপজেলা সদরে আসার একমাত্র সড়কের গোধীরপুল নামক সেতুটি ভেঙে গেছে। বর্তমানে অত্যন্ত ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।জানা যায়, সেতুটি ১৯৯২-৯৩ অর্থবছরে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) অর্থায়নে ১২ লাখ টাকা ব্যয়ে ওই সেতুটি নির্মাণ করা হয়। গত বছর এটির আংশিক ভেঙে যায়।গত জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদের বরাদ্দ করা অর্থ দিয়ে কোনোরকম জোড়াতালি দিয়ে মেরামত করা হয়। কিন্তু মেরামতের এক মাস পর আবারও ভেঙে যায়। উপজেলার খিলা ইউনিয়নের লৎসর গ্রামের আবদুল গাফ্ফার বলেন, ওই সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।উপজেলা প্রকৌশলী তাহাজ্জুত হোসেন বলেন, অত্যন্ত ঝুঁকিপূর্ণ সেতুগুলোর তালিকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন ও বরাদ্দ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া আংশিক ক্ষতিগ্রস্তগুলো মেরামতের পদক্ষেপ নেওয়া হচ্ছে।