মনোহরগঞ্জে এক বাড়িতে ডাকাতি, আহত ১৫
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাতাবাড়িয়া গ্রামে এক বাড়িতে গত রোববার রাতে ডাকাতি হয়েছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ডাকাতদের হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়।আহত ব্যক্তিদের মধ্যে বাতাবাড়িয়া গ্রামের আবুল হোসাইন (৩৩), জালাল উদ্দিন (১৯), রিয়াজুল ইসলাম (২০), শাহ আলম (১৮), সবুজ (২২), আবদুল কাইয়ুম (৫৬), আলাউদ্দিন (২১), আবদুল করিম (৫৮) ও আবদুস ছাত্তারকে (৪৫) লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ২০ থেকে ২২ জন ডাকাত দরজা ভেঙে ওই গ্রামের হানিফ মিয়ার ঘরে ঢোকে। একপর্যায়ে তারা গৃহকর্তা হানিফ, তাঁর স্ত্রী ফুলমতিন্নেছা, ছেলে জসিম উদ্দিন ও ইমরান হোসেনকে বেঁধে মারধর করে। হানিফ মিয়া দাবি করেন, ডাকাত দল তাঁদের ঘরের কাঠের আলমারি ভেঙে নগদ টাকা, আট ভরি স্বর্ণালংকার, মুঠোফোনের সেটসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পরে তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় ডাকাতদের হামলায় ওই গ্রামের আরও ১১ জন আহত হয়।মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।