মনোহরগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মনোহরগঞ্জে গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র প্রবাসী আবদুল মালেক ওরফে মানিকের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার শাকতলা গ্রাম থেকে সেলিম মিয়া (৩০) এবং ওই দিন সকালে মামুন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সেলিম ওই গ্রামের সিরাজ মিয়ার ছেলে। একই ঘটনায় ওই দিন সকালে মামুন (২৮) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তিনি একই উপজেলার বাতাবাড়িয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে। এদিকে ডাকাতের গুলিতে নিহত উপজেলার পাঁচরুই গ্রামের মাদ্রাসাছাত্র আরিফ হোসেনের লাশ ময়নাতদন্ত শেষে বুধবার রাত ১০টার দিকে বাড়িতে আনা হয়। রাত ১১টায় নিজ বাড়ির মসজিদের সামনে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মনোহরগঞ্জ থানার পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মামুন ও সেলিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী অন্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে। বাড়িতে ডাকাতি ও মাদ্রাসাছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় আবদুল মালেক ওরফে মানিকের স্ত্রী তারিন আক্তার ওরফে তামান্না মঙ্গলবার রাতে মনোহরগঞ্জ থানায় একটি মামলা করেছেন। অপরদিকে ওই ডাকাতির সময় গণপিটুনিতে পাঁচ ডাকাত নিহত হওয়ার ঘটনায় মনোহরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আলী হোসেন দুয়ারী এলাকার এক থেকে দেড় হাজার অজ্ঞাত লোকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।এ ব্যাপারে মনোহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. জহিরুল আনোয়ার বলেন, গ্রেপ্তার হওয়া দুজন আন্তজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। তাঁদের সহায়তায় এই এলাকায় ডাকাতি সংঘটিত হচ্ছে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী তদন্ত করে সংশ্লিষ্ট অন্যদেরও গ্রেপ্তার করা হবে।