মনোহরগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যা করলেন ছেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় গতকাল সোমবার সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে আবদুল করিম (৮৫) নামের এক বৃদ্ধকে রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তাঁর তিন ছেলে ও দুই নাতি। তিনি ওই গ্রামের প্রয়াত নকু মিয়ার ছেলে। এ ঘটনায় আবদুল করিমের স্ত্রী সাবিয়া খাতুন থানায় একটি হত্যা মামলা করেছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, গতকাল ভোরে উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের কান্দি গ্রামে সম্পত্তি নিয়ে বাবা আবদুল করিমের সঙ্গে তাঁর তিন ছেলে ফয়েজ উল্লাহ, শহিদ উল্লাহ ও অহিদ উল্লাহর কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার পর আবদুল করিম বাড়ির পাশের দোকানে চা খেতে যান। একপর্যায়ে তাঁর ছেলেরা ক্ষিপ্ত হয়ে রামদা, চাপাতি ও দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে ওই চায়ের দোকানে যান। এরপর তাঁরা প্রকাশ্যে করিমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এ সময় ওই বৃদ্ধের দুই নাতি হাসান মিয়া ও মিজান মিয়া একইভাবে তাঁকে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই আবদুল করিম মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওই ঘটনার প্রত্যক্ষদর্শী কান্দি গ্রামের দোকানদার জসিম উদ্দিন বলেন, ‘আমার চোখের সামনেই তিন ছেলে ও দুই নাতি বৃদ্ধ করিমকে হত্যা করেছেন। করিমের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। হত্যাকারীরা সবাই প্রথম পক্ষের সন্তান।’ আবদুল করিমের স্ত্রী সাবিয়া খাতুন বলেন, ‘খুনিরা জাল দলিল করে তাঁর সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছিল। এ ঘটনায় আমার স্বামী তাদের বিরুদ্ধে মামলা করেন। সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করেই তাঁকে খুন করা হয়েছে।’
আবদুল করিমের তিন ছেলে ও নাতিসহ পরিবারের অন্য সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জলিল আহমেদ জানান, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে ওই খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাবিয়া খাতুন থানায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও দু-তিনজনের নামে একটি হত্যা মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।