মনোহরগঞ্জে বাসের চাপায় রিকশাভ্যান চালক নিহত
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার বাসচাপায় সহিদুল ইসলাম (৩৫) নামের এক রিকশাভ্যানচালক নিহত হয়েছেন। সহিদুলের বাড়ি পাশের নাঙ্গলকোট উপজেলার উরুকচাইল গ্রামে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওই দিন নোয়াখালী থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী যাত্রীবাহী বাস উপকূল এক্সপ্রেস উপজেলার খিলা বাজারে একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালক ছিটকে গিয়ে সড়কের ওপর পড়ে ও বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে। অবরোধের কারণে ওই সড়কে প্রায় দুই ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুল আরিফ এবং মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও কুমিল্লা হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তাঁরা ওই বাসচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।