মনোহরগঞ্জে সাত স্কুল শিক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া এলাকায় ট্রাকচাপায় সাত শিশু শিক্ষার্থী নিহতের ঘটনায় ট্রাকটির
চালক সোহেলকে প্রায় ছয় মাস পর গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। গত রোববার রাতে কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
ওসি মশিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশের একটি দল তেজগাঁও থানা-পুলিশের সহযোগিতায় রোববার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল তাঁর কারণে দুর্ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সোহেলকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। বিচারক বেগম সেলিনা আক্তার সোহেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আদালত ১৫ সেপ্টেম্বর রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেন।
গত ১৬ মার্চ স্কুলভ্যানে করে বাড়ি ফেরার পথে নাথেরপেটুয়া এলাকায় ট্রাকের চাপায় সাত শিশু নিহত ও তিনজন আহত হয়। নিহত শিশুদের সবার বয়স ছয় থেকে ১০ বছরের মধ্যে। তারা সবাই নাথেরপেটুয়া মডেল স্কুলের শিক্ষার্থী।