মনোহরদী ও নবীনগরে পৃথক ঘটনায় দুজন নিহত
নরসিংদীর মনোহরদী উপজেলার কালিরচর গ্রামে গত শুক্রবার রাতে ডাকাতের গুলিতে হারুন মিয়া (২৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রতিপক্ষের হামলায় মারা গেছেন এক ব্যক্তি। তাঁর নাম মাজেদ মিয়া (৪০)। এ হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের কালিরচর গ্রামের রমজান মিয়ার বাড়িতে শুক্রবার গভীর রাতে ডাকাতি হয়। ডাকাতেরা অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তাদের ধাওয়া করে। এ সময় ফুল মিয়ার ছেলে হারুন মিয়াও ঘর থেকে বের হন। ডাকাতেরা তাঁর সামনে দিয়ে দৌড়ে পালাচ্ছিল। হারুন তাদের গতিরোধের চেষ্টা করলে ডাকাতেরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে হারুন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিয়া কুতুবুর রহমান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় রমজান মিয়া বাদী হয়ে মামলা করেছেন। নবীনগরে দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামের রিপন মিয়ার বাড়ির বাঁশঝাড় থেকে গত বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশী জামাল মিয়া কয়েকটি জিংলা কাটেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার সকালে রিপন ও তাঁর লোকজন জামালের বাড়িতে সশস্ত্র হামলা চালান। এতে জামাল মিয়া (৩৫), তাঁর স্ত্রী তানিয়া আক্তার (২৫), বড় ভাই মাজেদ মিয়া (৪০), তাঁর স্ত্রী নাজমা আক্তার (৩০) ও বোন রানুয়ারা বেগম (২৫) আহত হন। গুরুতর অবস্থায় মাজেদ মিয়া ও নাজমা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সন্ধ্যায় মাজেদ মিয়া মারা যান। নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহাম্মদ মোল্লা জানান, এ ঘটনায় রিপন মিয়াকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।